বিশেষ প্রতিনিধি:
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়া কক্সবাজার শহরের মাঝিরঘাটে খালাসের সময় এক কোটি ইয়াবা ট্যাবলেট লুটকারীর মূলহোতা টেকপাড়ার মিজান প্রায় একমাস আবু তৈয়বের বাসায় আত্মগোপনে ছিল বলে গুঞ্জন চলছে সর্বত্রে। ইয়াবা লুটের ঘটনায় মিজানকে যখন পুলিশ হন্য হয়ে খুঁজছে তখন মিজান বিভিন্ন জায়গায় নিজেকে আড়াল করেন। এর অংশ হিসেবে কক্সবাজার শহরের ৯নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকায় মো. তৈয়বের বাসায় প্রায় একমাস আত্মগোপনে থাকেন তিনি। আত্মগোপনের বিষয়টি একটি গোপন সূত্রে জানা গেছে। তৈয়বও একটি ইয়াবা মামলার দুই নাম্বার আসামী।
চলতি বছরের ১৮ জানুয়ারি শহরের বৌদ্ধমন্দির এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ তৈয়বের ছোট ভাই আবু তাহেরকে গ্রেপ্তার করেছিল সদর থানা পুলিশ। ওই মামলায় আবু তৈয়ব দুই নাম্বার আসামী। তৈয়ব ঘোনার পাড়া এলাকার আবুল হাসেম ওরফে র্বামাইয়া হাশেমের ছেলে। তবে এই মামলায় জামিনে রয়েছে তৈয়ব।

তৈয়বের বাসায় আত্মগোপনে থাকা সেই মিজানকে বেনাপোল থেকে আটক করা হয়েছে বলে পুলিশ প্রশাসনের একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পথে বেনাপোল থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। প্রায় ৫ মাস ভারত ও কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল মিজান।
জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বিকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মাঝিরঘাটস্থ আবু ছৈয়দ কোম্পানির জেটিতে মাছ ধরার ট্রলারে আসা ইয়াবার একটি বিশাল চালান খালাস হয়। মাছ ধরার ট্রলার নিয়ে বিভিন্ন সময় এসব জেটি দিয়ে ইয়াবা খালাসের বিষয়ও আইনশৃঙ্খলা বাহিনী অবগত রয়েছে। ইয়াবা খালাসের নিরাপদ রুট হিসেবে ওই এলাকায় গড়ে উঠেছে একটি ইয়াবা সিন্ডিকেটও। যারা নিয়মিত ইয়াবা বিক্রি ও লুটের ঘটনায় জড়িত।
গত ৮ ফেব্রুয়ারি এই ইয়াবা লুটের মূল কারিগর হলো মিজান নামে এক যুবক। মিজান টেকপাড়া এলাকার জজ বাবুলের ছেলে। জজ বাবুল নিজেও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। পরে এক কোটি ইয়াবা ট্যাবলেট লুটের সংবাদটি গণমাধ্যামে প্রকাশিত হলে মাঠে নামে কক্সবাজার জেলা পুলিশ। সংবাদের সূত্র ধরে যখন পুলিশ মাঠে নামেন তখন পলাতক হন টেকপাড়া এলাকার আলোচিত মিজান। এর কয়েকদিন পরে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে লুট হওয়া ইয়াবা থেকে প্রায় দুই লাখ ইয়াবাসহ বেশ কয়েকজনকে আটক করেছিল। এরইমধ্যে আত্মগোপনে চলে যান মিজান।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘোনার পাড়া এলাকার আবু তৈয়বের এক প্রতিবেশি জানান, বেনাপোলে আটক হওয়া মিজান তৈয়বের বাসায় প্রায় একমাস ছিল। ইয়াবা লুটের পর তৈয়বের বাসার দ্বিতীয় তলায় আত্মগোপনে ছিল মিজান। দ্বিতীয় তলার একটি রুমে থাকতেন মিজান। ওই রুমে নিয়মিত খাবারও পৌছে দেওয়া হতো নিচ তলা থেকে। এমন বিষয়টি আচ করতে পারেন বেশ কয়েকজন প্রতিবেশিও।
তৈয়বের সাথে মিজানের বহু বছর ধরে রয়েছে গভীর সর্ম্পক। তাদের চলাফেরাও এক সাথে। দুইজনের বিরুদ্ধে রয়েছে ইয়াবা ব্যবসার অভিযোগও।
মিজানকে আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, শুক্রবার (১৭ জুলাই) রাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয় মিজান। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি কক্সবাজার জেলা পুলিশকে অবগত করেন।
পুলিশের এই কর্মকর্তা ভয়েসওয়ার্ল্ডকে বলেন, মিজানের সাথে কারা জড়িত তা বের করা হবে। ইতিমধ্যে ইয়াবা লুটের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে ইয়াবাসহ। তার সাথে যারা নিয়মিত চলাফেরা করত সবাই নজরদারীতে রয়েছে। অনেকজনকে চিহ্নিতও করা হয়েছে। এছাড়া এতো দিন কোথায় আত্মগোপনে ছিল তাও বের করা হবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না
বাংলাদেশ সময় ২০৫৮ ঘণ্টা, ১৮ জুলাই ২০২০
আএন