কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে একটি রিভলবার, তাজা গুলি, খালি কার্তুজের খোসা ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা শিবির এলাকায় এই অভিযান চালানো হয়।
এসআরবি সূত্র বলছে, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর হোয়াইক্যং শিবিরের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে জাবেদ হোসেনকে গ্রেপ্তার করে।
জাবেদ হোসেন ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তার বাবার নাম জোরহমান ও মায়ের নাম মরিয়ম।
এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তির হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার করা আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে তারা কাজ করে যাচ্ছে।
রোহিঙ্গা শিবির ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।