র্যাব-১৫ সদস্যরা টেকনাফের হ্নীলা ওয়াব্রাং এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন ওয়াব্রাং গ্রামের সৈয়দ নুরের পুত্র মো. তারেক (১৮) এবং আবুল হোসেনের পুত্র মো. রায়হান (১৮)।
৫ জানুয়ারী ভোররাতে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে বলে বিষয়টি রাত পৌণে ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।