টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত মাদক কারবারী হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাদিমুড়া এলাকার মৃত কালা চাঁনের ছেলে হাবিব উল্লাহ (৩২)। এ অভিযানে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১১ ডিসেম্বর ভোররাতে র্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে হাবিব উল্লাহ নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হলেও ২ জন মাদক চোরাচালানী অন্ধকারে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির দেহ ও তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।