টেকনাফের ৬ মাঝিমাল্লার ৯ দিন ধরে হদিস মিলছেনা। গত ৩ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর দক্ষিণ ঘাট দিয়ে ৬ জন মাঝি-মাল্লা বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য বের হয়েছিল। এরপর থেকে ৯ দিন ধরে আর হদিস পাওয়া যাচ্ছে না মাছধরার নৌকাসহ মাঝিমাল্লাদের।
শুক্রবার (১০ নভেম্বর) রাতে এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মাছ ধরার ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন। নিখোঁজ জেলেরা হচ্ছেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পুরান পাড়া এলাকার নাছির আহমদের ছেলে হাবিব উল্লাহ (৪৪), আব্দু সালামের ছেলে ছলিম উল্লাহ (৩৯), শীলখলী এলাকার ছৈয়দ উল্লাহর ছেলে মুহাম্মুদুর রহমান (৩২), দক্ষিণ শীলখালী এলাকার অলী আহমদের ছেলে ছৈয়দ আলম (৪২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার মীর আহমদের ছেলে আলী হোছন (২৯), চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার আমিলাইষ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ সোহেল (৩২)।
ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন বলেন, ‘ফিশিং বোটটির অপর অংশীদার ও মাঝি হাবিব উল্লাহসহ মোট ৬ জন জেলে গত শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় সাগরে মাছ ধরার জন্য রওয়ানা দেয়। তারপর দিন থেকে মোবাইল সংযোগ পাওয়া যাচ্ছিলো তাদের সাথে। ধারণা করা হচ্ছে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সাগরে ভাসছে তারা। মোবাইল নেটওয়ার্ক এর বাহিরে চলে যাওয়ায় হয়তো তাদের হদিস পাওয়া যাচ্ছে না। তাই এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি থানায় লিপিবদ্ধ করেছি। মাছ ধরার ফিশিং বোটে সর্বোচ্চ ১৫ দিন খাওয়ার মত প্রয়োজনীয় রসদপাতি রয়েছে’।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সৈয়দ বলেন, ‘এ বিষয়টি নিয়ে মালিক পক্ষ একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে’।