• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশলে যুবক হত্যায় আসামী অধরা : ক্যাশিয়ার আসাদুজ্জামানের বিরুদ্ধে মন্ত্রণালয়ের তদন্তের নির্দেশ

আজিম নিহাদ: / ২৭১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কম্পাউন্ডের ভেতর মমিনুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে এবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নিহত মমিনুলের ভাই আমিনুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে গত ১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা থেকে এক চিঠির মাধ্যমে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয় প্রধান প্রকৌশলীকে।

সেই নির্দেশনার প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করার জন্য গত ৭ জুন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আজগরকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন প্রধান প্রকৌশলী সারোয়ার হোসেন। কিন্তু সেই সাত কার্যদিবস পেরিয়ে গেলেও এখনো বাদী পক্ষের সাথে যোগাযোগ করেনি তদন্তকারী কর্মকর্তা। ইতোমধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কক্সবাজার এসে অন্যতম অভিযুক্ত ও মামলার আসামী ক্যাশিয়ার এস এম আসাদুজ্জামানের সাথে দেখা করে গেছেন। এরপর থেকে আর কোন অগ্রগতি নেই তদন্তের।

অন্যদিকে আদালতে হত্যাকান্ডে ঘটনায় আসামীদের নাম উল্লেখ করে মামলা করলেও এখনো মিজানুর রহমান ছাড়া কোন আসামীকে আটক করেনি পুলিশ। করছেনা ঘটনার তদন্তও। ফলে বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছেন নিহত মমিনুল ইসলামের পরিবার।

মমিনুল ইসলামের ভাই মামলার বাদী আমিনুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পর প্রধান প্রকৌশলীকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছিলো বলে শুনেছিলাম। কিন্তু তদন্তের জন্য অদ্যাবধি কেউই তাদের সাথে যোগাযোগ করেনি।’

তিনি অভিযোগ করে বলেন, আমার ভাইয়ের বিচার পাবোনা আমরা। কারণ তদন্তে নিয়োজিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী অভিযুক্ত ক্যাশিয়ার আসাদুজ্জামানের সাথে কক্সবাজার এসে দেখা করে গেলেও তাদেরকে এখনো ডাকা হয়নি। তিনি দাবী করেন, মোটা অংকের টাকা বিলিয়ে তদন্ত প্রতিবেদন নয়ছয় করার চেষ্টা করছেন আসাদুজ্জামান।

কে এই আসাদুজ্জামান?

কেনইবা তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তে নেমেছেন প্রধান প্রকৌশলী।

জানা গেছে, গত ২ এপ্রিল রাতে চুরির অপবাদ দিয়ে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কম্পাউন্ডের ভেতর বেঁধে রাখা হয় লালমনিরহাটের মোগলা হাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের মাহির উদ্দিনের ছেলে মমিনুল ইসলামকে। তিনি কক্সবাজার শহরে ভাঙারি শ্রমিকের কাজ করতেন।

পরে সেখানে দায়িত্বরত নিরাপত্তা প্রহরীসহ বেশ কয়েকজন মিলে তাকে রাতভর মারধর করে। পরেরদিন সকালে মুমূর্ষু অবস্থায় মমিনুলকে রাস্তায় ফেলে দেয়া হয়। এরপর কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নিরাপত্তা প্রহরী মিজানুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করে। মামলা নং-১০। পরে ওই মামলায় মিজানুর রহমানকে আটক করে পুলিশ। মিজানুর পরে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। স্বীকারোক্তিতে তিনি (মিজান) জানিয়েছিলেন মমিনুলকে কে কে পিটিয়েছেন। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে বাকি আসামীদের সনাক্ত বা আটকে তৎপরতা দেখাচ্ছেনা।

অভিযোগ উঠে, হত্যাকান্ডে নেপথ্যের নায়ক কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার এস এম আসাদুজ্জামান। তার নির্দেশেই সেদিন রাতে মমিনুলকে পেটানো হয়েছিলো বলে অভিযোগ তুলেন নিহত মমিনুলের পরিবার। সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেন টার্ন বিল্ডার্সের কর্মকর্তা নাহিদ ও সাদ্দামসহ জনস্বাস্থ্যের আরো কয়েকজনের বিরুদ্ধে। কিন্তু আসাদুজ্জামান মোটা অংকের টাকার বিনিময়ে তদন্ত ও মামলার অগ্রগতি রোধ করে দেন বলে দাবী করেন নিহত মমিনুলের ভাই আমিনুল।

আমিনুল ইসলাম জানান, পুলিশ শুরু থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় লিপ্ত। কারণ একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিচয় পাওয়া স্বত্ত্বেও অপেক্ষা বা যোগাযোগ না করে তড়িঘড়ি করে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করে ফেলে পুলিশ। দাফনের পর মামলা করা হয়েছে শুধুমাত্র নিরাপত্তা প্রহরীকে মিজানুর রহমানকে আসামী করে। কিন্তু ঘটনায় আরো অনেকে জড়িত রয়েছে। যাদের গ্রেপ্তার বা তদন্তের বিষয়ে রহস্যজনক ভূমিকা রয়েছে পুলিশ।

পুলিশের তদন্তে অনিহা ও মামলার অগ্রগতি না থাকায় আমিনুল প্রকৃত আসামীদের শাস্তির জন্য তাদের নাম উল্লেখ করে মামলার আবেদন করেন আদালতে। সেই আবেদনের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল আদালত কক্সবাজার সদর মডেল থানার মামলায় বাকি আসামীদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। কিন্তু পুলিশ অদ্যাবধি সেই আসামীদের গ্রেপ্তারের বিষয়ে কোন ধরণের তৎপরতা দেখায়নি।

মামলায় অন্তর্ভুক্ত করা আসামীরা হলেন- কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার আসাদুজ্জামান, কনস্ট্রাকশন ফার্ম টার্ন বিল্ডার্সের ম্যানেজার সাদ্দাম, রেস্টহাউজের কেয়ারটেকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল ও মেয়ে জামাই রবিউল ইসলাম রুবেল ও স্বপন রূদ্র।

একটি সূত্র বলছে, ঘটনায় জড়িত অন্যদের বাঁচাতে মোটা অংকের মিশনে নেমেছিল টার্ন বিল্ডার্সের মালিক নাহিদ, ক্যাশিয়ার আসাদুজ্জামানসহ কয়েকজন কর্মকর্তা। কিন্তু নিহতের পরিবার মামলা করার পর সেই প্ল্যান ভেস্তে যায়। কিন্তু এখন নতুন করে পুলিশ এবং মন্ত্রণালয়ের তদন্ত ভিন্নপথে প্রবাহিত করার জন্য মিশনে নেমেছে চক্রটি।

নিহত মমিনুলের ভাই আমিনুল ইসলাম জানান, মামলার তদন্তের বিষয়ে পুলিশের উদাসীনতা দেখায় তিনি অপরাধীদের শাস্তির জন্য শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছিলেন। গত ২ মে তিনি ক্যাশিয়ার আসাদুজ্জামানসহ জড়িত সকলের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় শুধুমাত্র ক্যাশিয়ার আসাদুজ্জামের বিরুদ্ধে তদন্ত করার জন্য নির্দেশ দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে। এরপর প্রধান প্রকৌশলী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে নির্দেশ দেন চট্টগ্রাম বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আজগরকে। নির্দেশনা অনুযায়ী গত ১৬ জুন তদন্ত প্রতিবেদন প্রেরণের কথা থাকলেও এখনো বাদী পক্ষের সাথে যোগাযোগ হয়নি তদন্ত কর্মকর্তার।

নাম প্রকাশ না করার শর্তে ওই দপ্তরের একজন কর্মচারী বলেন, তদন্তের নির্দেশ পাওয়ার পর তত্ত্ববধায়ক প্রকৌশলী কক্সবাজার এসেছিলেন। কিন্তু শুধুমাত্র আলাদাভাবে ক্যাশিয়ার আসাদুজ্জামানের সাথে গোপন বৈঠক করে চলে যান।

এবিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আজগর বলেন, তদন্তের নির্দেশ পাওয়ার পর তিনি কক্সবাজার গিয়েছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি চট্টগ্রাম ফেরত যান। সেকারণে তদন্ত সংক্রান্ত বিষয়ে কারো সাথে কথা বলতে পারেননি তিনি।

আলী আজগর জানান, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেও অসুস্থ হয়ে পড়ায় ঠিক সময়ে তদন্ত করা সম্ভব হয়নি। তিনি এখন মোটামুটি সুস্থ দাবী করে বলেন, ‘আমি কোন পক্ষের লোক নই। বাদী-বিবাদী সবপক্ষের সাথে কথা বলেই প্রতিবেদন দাখিল করা হবে।’ তিনি শীঘ্রই তদন্ত কার্যক্রম শুরু করবেন বলে জানান।

সূত্র বলছে, ক্যাশিয়ার আসাদুজ্জামানের মূল শক্তি ‘টাকা’। কারণ গত দেড় দশকেরও বেশি সময় ধরে ভিন্ন একটি ‘পদ’ দখল করে আছেন তিনি। এই পদে থেকেই সামান্য কর্মচারীর এখন কক্সবাজারসহ দেশের কয়েকটি স্থানে বিলাসবহুল একাধিক বাড়ি। কিনেছেন বেশকিছু জমিও। তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও প্রতি সপ্তাহে বিমানে ঢাকায় আসা যাওয়া করেন তিনি। মনোরঞ্জন প্রিয় আসাদুজ্জামান করেছেন একাধিক বিয়েও।
ক্যাশিয়ার পদ দখল করে থাকলেও আসাদুজ্জামানের মূল পদ ক্যাশিয়ার নয়। কিন্তু তারপরও দেড় দশক ধরে রহস্যজনক কারণে সেই পদ থেকে সরানো হচ্ছেনা তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন