• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

জেলা জজের দুর্ব্যবহার ও প্রভাব বিস্তার : কক্সবাজারে আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

নিজস্ব প্রতিদেক / ১৮৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের আইনজীবীরা সাক্ষ্য দেওয়ার সময় প্রভাব বিস্তার, দুর্ব্যবহার, অশোভন আচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে। এসব অভিযোগে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। সেইসঙ্গে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলকে কক্সবাজার আদালত থেকে প্রত্যাহার না করা পর্যন্ত এ সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানান আইনজীবীরা। শনিবার (২৬ নভেম্বর) বিকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার।

অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল বলেন, ‘একজন বিজ্ঞ বিচারক হিসেবে জেলা ও দায়রা জজ বিচারকাজ চলাকালীন আইনজীবীদের নিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। তা মোটেও কাম্য নয়। বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির নেতারা জেলা জজের সঙ্গে কথা বলেন। কিন্তু তিনি একই আচরণ অব্যাহত রাখেন। গত ১৩ অক্টোবর জেলা বারের জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত অনুসারে বেঞ্চের নানা অনিয়ম, দুর্নীতি তুলে ধরে তা সমাধানের পদক্ষেপ নিতে বিচারক মোহাম্মদ ইসমাইলকে অনুরোধ জানানো হয়। তিনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও নেননি। উল্টো আইনজীবী সমিতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এ অবস্থায় সমিতির বিশেষ সাধারণ সভা ডেকে সর্বসম্মতিক্রমে জেলা ও দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আদালত বর্জন চলবে।’

সভায় জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ফরিদুল ইসলাম চৌধুরী, মমতাজ আহমেদ, আবুল কালাম সিদ্দিকী, শাহজালাল চৌধুরী, নুরুল আলম, আবুল আলা, ছৈয়দ আলম, মো. নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আয়াছুর রহমান, আব্বাস উদ্দিন, সুলতানুল আলম, সিরাজুল ইসলাম, আব্দুর রউফ, আবদুল কাশেম, মোস্তাক আহমদ চৌধুরী, মোহাম্মদ তারেক, আহমদ কবির ও জিয়াউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

এছাড়া সভায় অংশ নেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম, সাবেক পিপি নুরুল মোস্তফা মানিকসহ জেলা বারের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সব আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন