কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় লবণের মাঠ দখলে নিতে আলী আকবর ডেইল ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার মোশারফ হোছাইনের নেতৃত্বে স্থানীয় চাষিদের উপর হামলা দু’ দফা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ৬ নভেম্বর (রবিবার) সকাল ৯ টায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকার লবণ মাঠে এবং সকাল সাড়ে ৯ টায় একই ইউনিয়নের শান্তিবাজার এলাকায় পৃথক হামলা চালায় সন্ত্রাসীরা।
এতে দুই গৃহবধূ সহ ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগীতায় আহতদের কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী মীরকাদের বাদী হয়ে কুতুবদিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন দ্বীপের সচেতন মহল।
জানা গেছে, উপজেলার শান্তিবাজার এলাকার মীরকাদের আলী আকবর ডেইল মৌজার ২০৩৯ নং বি,এস খতিয়ানের অধীনে ৬০ কানি লবণ মাঠের জমি চলতি লবণ মৌসুমের জন্য মালিকদের কাছ থেকে বর্গা নেন। মীরকাদের ওই জমিতে চাষ করার জন্য ২০ জন চাষা নিয়োগ করেন। চাষারা লবণ মাঠে কাজে নামার আগে মীরকাদেরের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন স্থানীয় ৩নং ওয়ার্ডের মেম্বার মোশারফ হোছাইন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৫ অক্টোবর মোশারফ মেম্বার ২০/২৫ জনের সন্ত্রাসী নিয়ে মীরকাদেরের চাষাদের জমি থেকে তাড়িয়ে দিতে চেষ্ঠা করে।
এরই ধারাবাহিকতায় (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় পূর্বপরিকল্পিতভাবে মোশারফ মেম্বারের নেতৃত্বে দেলোয়ার হোছাইন, শাহাদত হোছাইন, শাহাবুদ্দিন, সাজ্জাদ, রবিউল, সরোয়ার, মোতালেব, আবদুল আজিজ, রহিম উল্লাহ, আরমান শাহ, মহিউদ্দিন ও ছাদেক সহ আরো ১০/১২ জনের একটি দল নিয়ে মীরকাদেরের চাষাদের উপর হামলা চালায়। মোশারফ মেম্বারের অতর্কিত হামলায় কয়েকজন জন চাষা গুরুতর আহত হয়। লবণ মাঠে হামলা চালানোর পর মোশারফ মেম্বার তার দলবল নিয়ে মীরকাদেরের শান্তিবাজারস্থ বসতবাড়িতে ঢুকে আবারো হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এতে বাঁধা দেওয়ায় মীরকাদেরের স্কুল পড়–য়া মেয়ে সহ ঘরের নারী সদস্যদের উপর হামলা চালায়। এ সময় শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দিলে মোশারফ মেম্বার তার দলবল নিয়ে সরে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে সদর হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার জানান, এ বিষয়ে একটি এজাহার পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ইউপি মেম্বার মোশারফের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করার সময় দুই সাংবাদিককে মারধর, দখলবাজি, মাদক, অস্ত্র সহ বিভিন্ন অপরাধে ডজনখানেক মামলা রয়েছে। তবে প্রশাসনের রহস্যজনক অবস্থানের কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় সে আরো বেপরোয়া উঠেছে।