বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর চাঞ্চল্যকর মোর্শেদ আলী হত্যা মামলায় চার আসামিকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডের আসামিরা হলেন, সিরাজুল মোস্তফা আলাল, সিরাজুল ইসলাম, আরিফ উল্লাহ মেম্বার ও খোরশেদ।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালত এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চৈঙ্গা এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিউল করিম আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, মোর্শেদ হত্যা মামলার আসামিদের গতকাল মঙ্গলবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামীরা সবাই কারাগারে বন্দি রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস বলেন, গতকাল মঙ্গলবার রিমান্ড মঞ্জুর হয়েছে। সুবিধাজনক সময়ে পুলিশ আসামিদের কারাগার থেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করবে।
উল্লেখ্য, গেল ৭ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘর বাজারে স্থানীয় যুবক মোর্শেদ আলীকে (৩৮) প্রকাশ্যে রাস্তায় ফেলে হাতুড়ি ও লাঠি দিয়ে বেদম পিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মোর্শেদ আলী একই ইউনিয়নের মাইজপাড়ার মৃত ওমর আলীর ছেলে।
এ ঘটনায় নিহত মোর্শেদের ভাই জাহেদ আলী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় স্থানীয় পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলালসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।