• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষেই সকালে সাড়ে ১৬ টন মাছ!

নিজস্ব প্রতিদেক / ২০৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এ কারণে কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের মৎস্য অবতরণ কেন্দ্র ছিল সুনসান, নীরব। ছিল না জেলেদের আনাগোনা কিংবা মাছ ব্যবসায়ীদের হাঁকডাক।

তবে রোববার (২৪ জুলাই) সকালে মৎস্য অবতরণ কেন্দ্রের দৃশ্যপট পাল্টাতে শুরু করে। ধীরে ধীরে বাড়তে থাকে লোকজন। সময়ের সঙ্গে সঙ্গে মাছ ব্যবসায়ী ও জেলেদের পদচারণায় মুখরিত হতে থাকে ফিশারিঘাট প্রাঙ্গণ। দৌঁড়ঝাপ বাড়ে মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের। কারণ শনিবার মধ্যরাতে শেষ হয়েছে নিষেধাজ্ঞা। আর ভোর থেকেই ঘাটে আসতে শুরু করে মাছভর্তি ট্রলার। প্রথমদিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে সাড়ে ১৬ টন মাছ বিকিকিনি হয়েছে।

এদিকে মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে সকালে টন টন মাছ ফিশারিতে খালাস হওয়া নিয়ে দেখা দিয়েছে রহস্য। অনেকেই বলছে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই অনেক ট্রলার সাগরে মাছ ধরতে রওনা হয়েছে। যার কারণে সকালে মাছ নিয়ে ট্রলার ফিরেছে।
এ বিষয়ে নুনিয়ারছড়ার বাসিন্দা ও একটি ট্রলারের জেলে শামসুল আলম বলেন, দীর্ঘদিন সাগরে মাছ ধরা বন্ধ ছিল। তাই মাছের জন্য বেশিদূর যেতে হচ্ছে না। বঙ্গোপসাগরের ৪০-৬০ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেললেই ইলিশ ধরা পড়ছে। চার-পাঁচ দিনের মধ্যে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছে ভরে উঠবে হাটবাজার।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেও কক্সবাজার উপকূলে ইলিশের খুব একটা দেখা পাননি জেলেরা। তবে এবার বড় ইলিশ ধরার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, জেলায় ছোটবড় মাছ ধরার ট্রলার আছে প্রায় ছয় হাজার। এসব ট্রলারে জেলে- শ্রমিকের সংখ্যা ১ লাখ ২০ হাজারের বেশি। এর মধ্যে মৎস্য বিভাগের নিবন্ধিত জেলে রয়েছেন ৬৩ হাজার ১৯৩ জন। নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলে পরিবারগুলো ৫৬ কেজি করে চাল পেলেও অনিবন্ধিত জেলে পরিবারে কিছুই জোটেনি।

মৎস্য ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের মধ্যে অন্তত তিন হাজার ট্রলার ইলিশসহ অন্যান্য মাছ নিয়ে ঘাটে ফিরতে পারে। স্থানীয় চাহিদা পূরণ করে ইলিশসহ বিপুল সামুদ্রিক মাছ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হবে।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার আহসানুল হক বলেন, নিষেধাজ্ঞা শেষে প্রথমদিনে অনেক মাছ ধরার ট্রলার অবতরণ কেন্দ্রে এসেছে। গতকাল রোববার ফিশারিঘাটে সাড়ে ১৬ টন মাছ বিক্রি হয়। এরমধ্যে ১১ টন ৭০০ কেজি ইলিশ। প্রতিটি ইলিশ ৬০০-৭০০ গ্রাম ওজনের।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার এক সপ্তাহ আগ থেকেই বিভিন্ন ঘাটে মৎস্য অফিসের লোকজন দায়িত্ব পালন করেছেন, যাতে কোনো ঘাট থেকে নির্দিষ্ট সময়ের আগে জেলেরা সাগরে যেতে না পারেন।
প্রথমদিনে এত মাছ কিভাবে আসল তার ব্যাখা হিসেবে তিনি বলেন, ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের মাছ ধরতে গভীর সমুদ্রে যাওয়ার দরকার হচ্ছে না। এছাড়া প্রতিদিন কিছু মাছ ব্যবসায়ী মাছ কেনার জন্য ট্রলার নিয়ে সাগরে যায়। এমন কিছু ট্রলার রোববারও সাগরে যায় মাছ কিনতে। তারাই বিভিন্ন ট্রলার থেকে মাছ কিনে ফিরেছে। সূত্র-মহানগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন