কক্সবাজার অফিস:
কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো. মারুফুল ইসলাম মাহি (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) বিকাল ৩ টায় এ দুর্ঘটনা ঘটে।
মাহি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার মো. আবদুল মালেকের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের কমার্স বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল।
নিহত মাহির বাবা বলেন, সকাল ৬টার দিকে বাড়িতে মোবাইল রেখে সে বন্ধুদের সাথে বের হয় ফুটবল খেলার জন্য। তারা ৮/৯ জন বন্ধু পিটিস্কুল মাঠে ফুটবল খেলা শেষে সকাল ১০ টার দিকে শহরের বাজারঘাটা নাপিতাপুকুরে গোসল করতে নেমেছিল। গোসল করার সময় সে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩ টায় তার মরদেহ উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা।
পরে মাহিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর। তিনি বলেন, কলেজ ছাত্র মাহিকে সাথে সাথে উদ্ধার করা গেলে বেঁচে যেত। কিন্তু ৫ ঘন্টা পানিতে ডুবে থাকায় সেখানেই তার মৃত্যু হয়।