নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলার ৬৭ তম আসর। তবে এবার কেউ একক চ্যাম্পিয়ন না হওয়ায় হতাশ হয়েছে দর্শকরা। শনিবার (৭ মে) কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রায় ১৮ মিনিট লড়াই করে জয় পরাজয় নিশ্চিত না হওয়ায় বিচারকরা যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছে বাংলাদেশ কুস্তি ফেডারেশনের লিটন বিশ্বাস ও উখিয়ার নুর মোহাম্মদ বলীকে।
এর আগে সেমিফাইনালে উখিয়ার নুর মোহাম্মদ বলীর কাছে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে সদ্য সমাপ্ত চট্টগ্রামের জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ন চকরিয়ার জীবন বলী।
২নং মেডেলেও একই ফলাফল হয়েছে। যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালীর মোহাম্মদ হোসেন ও কুস্তি ফেডারেশনের আনোয়ার।
তবে চ্যাম্পিয়ন খুঁজে পেয়েছে ৩নং মেডেলে। এই ইভেন্টে মহেশখালীর সরওয়ারকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে একই উপজেলার সাহাব উদ্দিন।
এবারের আয়োজনে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল বাংলাদেশ কুস্তি ফেডারেশনের দুই মহিলা বলী। মহিলা ইভেন্টে বাংলাদেশ পুলিশের ফাতেমা বেগমকে পরাস্ত করে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রীতি রায়। পরে বিজয়ী ও বিজিতদের মাঝে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।