• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

‘ব্যাংক যেন মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হতে পারে’

নিজস্ব প্রতিদেক / ৮২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)  এর প্রধান কর্মকর্তা মোঃ মাসুদ বিশ্বাস বলেছেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশে বর্তমানে আইনী ও প্রাতিষ্ঠানিক কাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত হওয়াই শেষ কথা নয়, এর পাশাপাশি রিপোর্টিং এজেন্সি হিসেবে ব্যাংক তার দায়- দায়িত্ব পরিপালনের মাধ্যমেই বাংলাদেশে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা সার্থকতা অর্জন করবে। ব্যাংক যেন মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হতে পারে সে বিষয়ে সকলকে সচেষ্ট থাকতে হবে।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে ‘ব্যাংকসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদন্ড নির্ধারণকারী ফাইন্যান্সিয়াল এ্যাকশন টাস্ক ফোর্স এর সুপারিশ অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শেল ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপন না করার বিষয়ে বিএফআইইউ এর নির্দেশনা ও আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে মানিলন্ডারিং ঝুঁকি নিরসণকল্পে প্রণীত গাইডলাইনের পরিপালন নিশ্চিত করতে সকল ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মোঃ মাসুদ বিশ্বাস আরও বলেন, কোভিড-১৯ মহামারীর দুর্যোগময় পরিস্থিতিতেও আর্থিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যাংকসমূহ দেশের মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় আর্থিক খাতকে গতিশীল রাখতে সরকারের বিভিন্ন আর্থিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী লকডাউনের মধ্যেও জরুরী ব্যাংকিং পরিসেবা নিশ্চিতকরণে ব্যাংকসমূহ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর্থিক খাতে করোনার বিরূপ প্রভাব মোকাবেলায় যেমন বিভিন্ন সম্প্রসারণমূলক উদ্যোগ গৃহিত হয়েছে তেমনি আর্থিক খাত সংক্রান্ত অপরাধের ধরণেরও উল্লেখযোগ্যভাবে পরিবর্তন এসেছে। এর মধ্যে সরকার প্রদত্ত স্টিমুলাস প্যাকেজ এর অপব্যবহার, কোভিড-১৯ সংক্রান্ত সরকারি সহায়তা বিতরণে দুর্নীতি, ই-কমার্সের মাধ্যমে প্রতারণাসহ সাইবার অপরাধের ঝুঁকি বৃদ্ধির বিষয়ে আলোকপাত করে তিনি ব্যাংকিং ব্যবস্থাকে এ সকল অপরাধ হতে মুক্ত রাখার আহবান জানান। তিনি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আইটি অবকাঠামোগত উন্নয়নে দেশীয় আইটি প্রতিষ্ঠানসমূহকে প্রাধান্য দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে রপ্তানি কার্যক্রমের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মাধ্যম হিসেবে শেল ব্যাংকের ঋণপত্র ব্যবহারের বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ বিষয়ে বিএফআইইউ কঠোর মনিটরিং অব্যাহত রেখেছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর উদ্যোগে এবং দ্য এসোসিয়েশন অব এন্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসারর্স অব ব্যাংকস্ ইন বাংলাদেশ (এএসিওবিবি) এর সহযোগিতায় শুক্রবার থেকে শুরু হওয়া  এ সম্মেলন চলবে ১৩ মার্চ পর্যন্ত।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর উপপ্রধান কাজী আকতারুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএফআইইউ এর মহাব্যবস্থাপক এবিএম জহুরুল হুদা। শুভেচ্ছা বক্তব্য রাখেন  বিএফআইইউ এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মহসীন হোছাইনী। এছাড়া অনুষ্ঠানে এএসিওবিবি এর চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এর চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সকল তফসিলি ব্যাংকসমূহের প্রধান ও উপপ্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ৩ দিন ব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশনে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে কি ধরণের মানিলন্ডারিং ও অন্যান্য অপরাধমূলক তৎপরতা সম্পাদিত হচ্ছে এবং হতে পারে সে বিষয়ক আলোচনা ও উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের করণীয় সম্পর্কে আলোকপাত করা হবে। এ সম্মেলনে ব্যাংকের কর্মকর্তাদের সাথে আইন প্রয়োাগকারী ও গোয়েন্দা সংস্থার সাথে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ের ফলে এ সকল ঝুঁকি সম্পর্কে অবগত হওয়ার সুযোাগ তৈরী হবে এবং একই সাথে এ সব ঝুঁকি মোকাবেলায় জাতীয় কৌশল নির্ধারণ ও প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ সহজতর হবে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন