নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে কক্সবাজার ফেরতের যাওয়ার পথে অতিরিক্ত যাত্রী নেওয়ায় জাহাজের ভারসাম্য রাখতে না পেরে আটকা পড়া কর্ণফুলী এক্সপ্রেস প্রায় সাড়ে সাত ঘণ্টা পর ঘাটে ফিরেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে জাহাজটি কক্সবাজার বিআইডাব্লিও ঘাটে পৌঁছে। গতকাল বুধবার রাত ৯টা থেকে ভোর সাড়ে তিনটা পর্যন্ত বঙ্গোপসাগরের বাঁকখালীর মোহনায় আটকে ছিলো জাহাজটি। এরআগে একই জাহাজ সকালেও হাজার খানেক পর্যটক নিয়ে প্রায় দু’ঘণ্টা আটকে ছিল।
জানা গেছে, কর্ণফুলী এক্সপ্রেস জাহজটি পর্যটক নিয়ে সকাল ৭টায় কক্সবাজার বিআইডাব্লিও ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্ত বাঁকখালী নদীর মোহনার শেষ প্রান্তে গিয়ে চরে আটকে যায়। পরে চট্টগ্রাম থেকে আসা একই কোম্পানির বিশাল জাহাজ বে ওয়ান যাত্রীদের নিয়ে সেন্টমার্টিন পৌঁছে দেয় দুপুরে। আবার বিকেলে ফিরতি যাত্রী নিয়ে আসা বে ওয়ান থেকে রাত ৯টার দিকে নাজিরারটেক সংলগ্ন বাঁকখালীর মোহনায় এসে কর্ণফুলি জাহাজে উঠানো হয় কক্সবাজারগামী যাত্রীদের। এতে সকালের মত কর্ণফুলী এক্সপ্রেসে উঠা যাত্রীরা পড়েন বিপাকে। আবারও চরে আটকা পড়েন তারা।
যাত্রীরা দাবি করছেন, ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করায় চরে আটকে আছে। অন্তত এক হাজার যাত্রী ছিলো সেখানে৷
এ ব্যাপারে কর্ণফুলী এক্সপ্রেসের কক্সবাজার অফিসের ইনচার্জ আবু তৈয়ব বলেন, ভাটা থাকায় চরে আটকা পড়েছে জাহাজটি। তবে জোয়ার হলে মুক্ত হয়। যাত্রীদের ঘাটে পৌঁছে দেয়া হয়েছে।