টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ নভেম্বর) রাত ১১টায় হ্নীলার লেদায় অভিযান চালিয়ে ওই সব মাদক জব্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান,শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লেদা বিওপি’র ৭০০ গজ দক্ষিণ-পশ্চিম কোনে আনোয়ার প্রজেক্টের পাশে আলীখাল সংলগ্ন লবন মাঠ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমান হতে বাংলাদেশে পাচার হতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ২০ নভেম্বর রাত ১১১টায় লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে আলীখাল বেড়ীবাঁধ ও মাঠের ভেতর আইলের আঁড় নিয়ে গোপনে অবস্থান গ্রহণ করে।
এসময় উক্ত লবন মাঠ এলাকা দিয়ে ২ জন দুষ্কৃতিকারী ব্যক্তিকে ১টি প্লাষ্টিকের বস্তা নিয়ে আসতে দেখে। টহলদল উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করে খুব দ্রুত অগ্রসর হয়। দুষ্কৃতিকারীগণ দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বহনকৃত বস্তা ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী আলীখাল গ্রামের ভিতরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে।
পরে উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি।
উল্লেখ্য, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফ সীমান্তের দায়িত্বভার গ্রহণের পর হতে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, মানবপাচারসহ সীমান্তে সংঘটিত সকল প্রকার সীমান্ত অপরাধসমূহ প্রতিরোধকল্পে অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করে ধারাবাহিক সাফল্য অর্জন করে যাচ্ছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।