পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দুই সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখের কিল্লা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পেকুয়া শেখেরকিল্লা ঘোনা এলাকার মৃত কাছিম আলী’র ছেলে বেলাল ও হেলাল নামের দুই সহোদরের বাড়িতে তৎক্ষনাৎ আগুনের সূত্রপাত হয়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। সে কারণে কেউ আগুন নেভাতে সাহস করেনি। তবে সাথে সাথে পেকুয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে তাঁরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু বৈদ্যুতিক আগুন হওয়ার কারণে মূহুর্তের মধ্যেই দুই সহোদরের বসতবাড়ি আগুনে পুড়ে যায়।
বাড়ির মালিক বেলাল উদ্দিন বলেন, আমি পাশের একটি দোকানে বসা ছিলাম । হঠাৎ করে বাড়ির লোকজন ও স্থানীয়দের চিৎকার চেচামেচি শুনে ছুটে আসি। কিন্তু ততক্ষণেই আমরা দুই ভাইয়ের বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ফার্ণিচারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের।
বাড়ির অপর মালিক আয়েশা ছিদ্দিকা বলেন, আমি রাতের খাবার খেয়ে ওমান প্রবাসী স্বামীর সাথে কথা বলছিলাম। হঠাৎ রান্না ঘরে শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখি বাড়ির চারদিকে আগুন লেগেছে। খুব দ্রুত ছেলেমেয়েদের নিয়ে বাইরে চলে আসি। মুহূর্তের মধ্যেই সমস্ত বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিছু রক্ষা করতে পারিনি।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুবুল করিম বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসি। বৈদ্যুতিক আগুনে দুই ভাইয়ের বসতবাড়ি নিমিষেই শেষ হয়ে যায়। আমি আমার যথাসাধ্য সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।
ফায়ার সার্ভিসে কর্মীরা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশেপাশের অনেক বাড়িঘর পড়ে যেতো। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।