ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৬ষ্ঠ পর্যায়ের সাক্ষ্যগ্রহনের প্রথম দিনে ৮ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে। ৩৬ তম সাক্ষী মেজর সিনহার সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী এসআই আমিনুল ইসলাম এর সাক্ষ্যগ্রহনের মধ্য দিয়ে সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেল ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালতের কার্যক্রম শুরু হয়।
এরপর পর্যায়ক্রমে সাক্ষ্য দেন কনস্টেবল পলাশ ভট্টাচার্য, আবু সালাম, হিরু মিয়া, উসলা মার্মা, নবী হোসন, আবুল কালাম ও শহীদ উদ্দীন। সাক্ষ্যগ্রহন শেষ হয় বিকেল সাড়ে ৫ টার দিকে। এ নিয়ে মামলায় ৪৩ জনের সাক্ষ্যগ্রহন করা হলো।
এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।