বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে ইয়াবা না পেয়ে শীলখালী চেকপোস্টে আবদুল্লাহ (৩৫) নামে এক প্রবাসীকে শারীরিক নির্যাতন করেছেন দায়িত্বে থাকা বিজিবির সদস্যরা। এ ধরণের একটি অভিযোগে বিজিবির ৩ সদস্যকে ওই চেকপোস্ট থেকে প্রত্যাহার করে নিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবির সেই ৩ সদস্য সৈনিক বলে নিশ্চিত হওয়া গেলেও তাদের নাম পরিচয় জানা যায়নি।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত ৯ টার সময় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছরার শীলখালী চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আহত প্রবাসীকে বুধবার ভোররাত দুইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। তাকে রাত ১১টার দিকে কক্সবাজার বাসটার্মিনাল এলাকায় সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। শারীরিক নির্যাতনের শিকার প্রবাসী আবদুল্লাহ টেকনাফ উপজেলা সদরের কাইয়ুক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রবাসী আবদুল্লাহ বলেন, কিছু দিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে এসেছি। আমার সংসারে দুই স্ত্রীর প্রথমজন টেকনাফে এবং দ্বিতীয় জন কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে মঙ্গলবার টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রী থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামের বাস করে কক্সবাজার ফিরছিলাম। পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে।
তিনি আরও বলেন, তখনও কিছু না পেয়ে আমার কাছে ইয়াবা আছে বলে থাপ্পড় মারে। আমার কাছে কিছু নেই বলে জানালে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। কিছুক্ষণ পেটানোর পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বলপ্রয়োগ করে মলত্যাগ করান। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয় ‘শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে’ বলে আবারও পেটানো শুরু করে। জীবনে প্রথম এমন মার খেয়ে অজ্ঞান হয়ে যাই। এরপর রাত ১১ টার সময় নিজেকে আবিষ্কার করি কক্সবাজার বাস টার্মিনাল এলাকায়।
কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় রাতে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা আবদুল্লাহকে উদ্ধার করা স্থানীয় সমাজকর্মী শামসুল আলম শ্রাবণ বলেন, টার্মিনালে থাকা মোটরযান শ্রমিকরা জানান একটি গাড়ি এসে এক লোককে রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেছে। কাছে গিয়ে দেখি লোকটি অচেতন। তবে, প্রাণ আছে দেখে তাকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। উদ্ধারের পর জানতে চাইলে লোকটি তার নাম আবদুল্লাহ বলে জানান।
আবদুল্লাহ জানান, টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে ইয়াবা না পেয়ে তাকে বিজিবির চেকপোস্টে মারধর করা হয়েছে। মার সহ্য করতে না পেরে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর আর কিছুই জানেন না। তার শরীর জুড়ে মারধরের চিহ্ন বিদ্যমান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, পুরো শরীরে মারের রক্তাক্ত জখম নিয়ে এক যুবককে রাতে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তাকে সার্জারি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। কে মেরেছে তা জানি না, তবে এখনও তিনি শতভাগ শঙ্কামুক্ত নন।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে অভিযুক্ত ৩ জনকেই চেকপোস্ট থেকে প্রত্যাহার করে ব্যাটালিয়নে আনা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবি আইনে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্যাতনের শিকার ওই ব্যক্তির চিকিৎসার ব্যাপারেও খোঁজ নিয়েছি আমরা। তার যাবতীয় চিকিৎসা ব্যয় বিজিবি বহন করবে।