টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে পরিবারের সাথে অভিমান করে এক রোহিঙ্গা যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নং রোহিঙ্গা আই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক হচ্ছে ওই ক্যাম্পের আকবর আলী ছেলে আবুল হাসিম (১৯)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রোহিঙ্গা যুবক আবুল হাসিম দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে আসছিলেন। এদিকে ওই রোহিঙ্গা যুবক পছন্দের মেয়েকে বিয়ে করার কথা পরিবারের কাছে জানায়।
এনিয়ে তার পরিবারের সাথে তার মতবিরোধ চলতে থাকে। কারণ আপন বড় ভাই সেলিম বিয়ে না করার কারণে পারিবারিক ভাবে আগে সেলিমকে বিয়ে করানোর জন্য সিদ্ধান্ত হয়। যার অপমান শয্য করতে না পেরে সেই আত্মহত্যা করেছে বলে জানা যায়।
নিহতের মা সাবেকুরনাহার জানান, ছেলে আবুল হাসিম ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। তার রুমের দরজা বন্ধ থাকায় আমি ছেলেকে ডাকাডাকি করতে থাকি। তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মৃতদেহটি দেখে থানায় অবহিত করেন।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।