টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি অস্ত্র ও গুলিসহ তিন জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএন। শনিবার (১৯ ফেব্রিয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন, ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে মো. শফিক (প্রকাশ) হাফেজ শফিক (২৬), ব্লক-ডি এর কালা মিয়ার ছেলে আমান উল্লাহ (২৬), ব্লক-বি এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহম্মদ (৫১)।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ১ টি নাইন এমএম বিদেশি পিস্তল, ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি এবং ৬১ রাউন্ড তাজা গুলিসহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক রোহিঙ্গা সন্ত্রাসীরা ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য এবং ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত। আটকদের উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।