বিশেষ প্রতিবেদক
অপহরণের ১১ দিন পর কক্সবাজারের টেকনাফ থেকে দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা (এপিবিএন)। উপজেলার শালবন পাহাড় থেকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।
উদ্ধার দুজন হলেন ১৪ বছরের মো. আনাস ও ১৩ বছরের মো. আব্দুল্লাহ। তারা উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ও মাদ্রাসার ছাত্র।
এসপি তারিকুল ইসলাম জানান, গত ১৯ ডিসেম্বর ওই দুজনকে থ্যাংখালী থেকে অপহরণ করা হয়। পরে তাদের পরিবারের কাছ থেকে দাবি করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শালবন পাহাড় থেকে দুজনকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘উদ্ধার দুজন এপিবিএন ক্যাম্পেই রয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’