ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পই সীমান্তে সংগঠিত চোরাচালান অপরাধ কেন্দ্রে পরিণত হয়েছে। যার পেছনে আরাকান রোহিঙ্গা সলিডারিটি আর্মি (আরসা) আছে বলে জানিয়েছে রোহিঙ্গা ও গোয়েন্দা সূত্র। আইনের শিথিল প্রয়োগ ও উদ্বাস্তুদের দুর্দশাকে পুঁজি করে সশস্ত্র গোষ্ঠীগুলো রোহিঙ্গা শিবিরগুলোকে শক্ত ঘাঁটিতে পরিণত করছে।
গত অক্টোবরে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ এবং ৬ রোহিঙ্গা নাগরিককে হত্যার পর, আরসা তাদের অবস্থান আরও শক্ত করেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শিবিরের বাসিন্দারা এটা তাদের কপালে আছে বলেই ধরে নিয়েছে। ভয় ও দুর্দশা শিগগির তাদের পিছু ছাড়ছে না।
মুহিব উল্লাহর ভাই হাবিব উল্লাহ বলেন, ‘আরসা কর্মীরা ক্যাম্পে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত। রাতের বেলায় পুরো ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। রোহিঙ্গারা তাদের চেনে কিন্তু তারা প্রকাশ্যে কিছু বলতে ভয় পায়।’
ক্যাম্পের বাসিন্দা নূর মোহাম্মদ জানান, মাদকপাচার থেকে শুরু করে চাঁদাবাজি, ত্রাণ সামগ্রী মজুদ করা সবকিছুই আরসার নিয়ন্ত্রণে। ‘তাদের মোকাবিলা করার মতো কেউ নেই এবং তারা রোহিঙ্গা শিবিরে শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে।’
তবে সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময়ই বলে আসছে বাংলাদেশে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর অস্তিত্ব নেই। কিছু অপরাধী রোহিঙ্গাদের ভয় দেখানোর জন্য নিজেদের আরসা কর্মী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে থাকতে পারে।
রোহিঙ্গা ক্যাম্পের একটি অংশে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ১৪তম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডার নাইমুল হক বলেন, ‘ক্যাম্পে আরসার কোনো উপস্থিতি নেই। যারা এইসব বলে তাদের চিহ্নিত করা উচিত। এটি একটি ডাহা মিথ্যাচার। রোহিঙ্গাদের অপরাধী হিসাবে চিহ্নিত করতে উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে।’
রোহিঙ্গাদের চিকিৎসা ও ত্রাণ সামগ্রী গ্রহণের জন্য ক্যাম্পের বাইরে যেতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের কেউ কেউ এই সুযোগে মাদক ব্যবসায় লিপ্ত। এমনকি তাদের পেট থেকেও আমরা ইয়াবা উদ্ধার করেছি।’
সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন মনে করেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্বার্থে সরকারি কর্মকর্তারা কক্সবাজারে আরসার অস্তিত্ব অস্বীকার করে থাকতে পারেন। ‘আমি যতদূর জানি, মিয়ানমার বলেছে যে, রোহিঙ্গাদের মধ্যে অনেক সন্ত্রাসী আছে এবং তাদের তারা দেশে ফিরিয়ে নিতে চায় না। কিন্তু বাংলাদেশ বলছে, ক্যাম্পগুলোতে কোনো আরসা সদস্য নেই।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরুদ্ধে কাজ করা বহিরাগত শক্তি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন করছে।’
রাখাইনে ২০১৭ সালের ২৫ আগস্ট পুলিশ পোস্টে হামলার দায় স্বীকার করে আরসা। মিয়ানমারের সামরিক বাহিনী সেই ঘটনার অযুহাতে রোহিঙ্গাদের ওপর ব্যাপক দমন পীড়ন চালায়। যার ফলে এই অঞ্চলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর রোহিঙ্গা উদ্বাস্তু সংকট দেখা দিয়েছে।
রোহিঙ্গাদের অনেকে মনে করে, আরসা সদস্যরা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় এবং আনুষ্ঠানিক প্রত্যাবাসন আলোচনায় একটি পক্ষ হতে চায়। তাদের অস্থানের একটি শক্ত বার্তা দিতে তারা মুহিব উল্লাহ এবং অন্য ৬ জনকে হত্যা করেছে।
মাদক ও মানবপাচারের পাশাপাশি, আরসা সদস্যদের অর্থের একটি প্রধান উৎস চাঁদাবাজি।
প্রতি সপ্তাহে প্রায় দেড় হাজার দোকান তাদের টাকা দেয়। রোহিঙ্গা সূত্র জানায়, ক্যাম্পে প্রায় ৫০০ মাদ্রাসা আছে। বেশিরভাগ মাদ্রাসা আরসার একটি সহযোগী সংস্থা উলামা কাউন্সিল দ্বারা নিয়ন্ত্রিত।
অন্য প্রভাবশালী দলটি ইসলামি মহাস। যা মুহিব উল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত ছিল।
ইসলামি মহাস সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং প্রত্যাবাসনের পক্ষে। অন্যদিকে উলামা কাউন্সিল মাদক ও মানব পাচার নিয়ন্ত্রণ করে। সূত্র-ডেইলি স্টার