• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিদেক / ১২৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন শাহবাগ থানায় এ আবেদন করেন। মামলার আবেদনে আসামি হিসেবে যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের নামও যুক্ত করা হয়েছে।

মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে চট্টগ্রামের জে এম সেন পূজামণ্ডপে সাম্প্রদায়িক হামলার মদদ দেওয়া, জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা এবং ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ ও সাইবার অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ সরকারের পৃষ্ঠপোষকতায় চলা চাঁদাবাজ, মাদকাসক্ত ও দুর্বৃত্তদের একটি সংগঠন। তারা এর আগে ডাকসুতে হামলার জন্য গ্রেফতারও হয়েছিল। আমরা নতুন দল করেছি, দেশ ও বিদেশের মানুষ আমাদের নিয়ে উচ্ছ্বসিত। তাই আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য, মানুষের মাঝে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির জন্য সরকার এগুলো করাচ্ছে।

তিনি আরও বলেন, এটা একটা মিথ্যা ও ভিত্তিহীন মামলা, এটা নিয়ে আমরা ভাবছি না। এই মামলার জন্য আমরা জামিনের জন্যও যাব না, রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার গণমাধ্যমকে বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী, এটা সাইবার ক্রাইম ডিভিশনে যাবে। তারা যাচাই-বাছাই করে মতামত দেওয়ার পর মামলা নেওয়ার মতো হলে আমরা মামলা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন