• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সৈকতে বছরের শেষ সূর্যাস্ত দেখলো পর্যটক ও স্থানীয়রা

নিজস্ব প্রতিদেক / ৫৭৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

জয়নাল উদ্দিন:
নতুন বছরকে স্বাগত জানাতে এবারও প্রস্তুুত কক্সবাজার। প্রতিবছরই ইংরেজি নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় দিতে এখানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। পর্যটকের পাশাপাশি স্থানীয়রাও মিলিত হন। ২০২২ সালের শেষ দুই দিনই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে। এই ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও শেষ সূর্যাস্ত দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে ছুটে এসেছে লাখো পর্যটক।

তবে এ বছর সমুদ্রসৈকতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কনসার্ট বা বালিয়াড়িতে অনুষ্ঠান না থাকায় পর্যটকের উপড়ে পড়া ভিড় তেমন নেই বলে জানান সংশ্লিষ্টরা। অবশ্যই তারকা মানের হোটেলগুলোতে পর্যটকদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে। কেবল গত সপ্তাহের বড়দিনসহ তিন দিনের ছুটিতে বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছে। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডের সদস্যরা।

কলাতলীর আলম গেষ্ট হাউসের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিতে পর্যটক সমাগম বেশ ভালো ছিল। সে তুলনায় থার্টি ফাস্ট নাইটে কম।

তবে সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলী পয়েন্টে পর্যটকের ভিড় দেখে বোঝার উপায় নেই পর্যটক সমাগম যে কম। গতকাল শনিবার দুপুর থেকে এসব পয়েন্টগুলো মুখর ছিল পর্যটকে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা নিজেদের মতো করে উপভোগ করছেন সৈকতের সৌন্দর্য। বালিয়াড়িতে দৌড়ঝাপ, আনন্দ উল্লাসসহ নানাভাবে সৈকতে আনন্দে মেতেছে পর্যটকরা।

ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপের এজিএম নাভেদ চৌধুরী বলেন, ১ জানুয়ারি পর্যন্ত আমাদের হোটেল শতভাগ অগ্রিম বুকিং রয়েছে। থার্টি ফার্স্ট নাইট ও নতুন বছর বরণে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

কক্সবাজারের হোটেল-মোটেল, গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, বাস্তবতায় কক্সবাজারে কিন্তু পর্যটকদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। তবে বিনোদনের সুযোগ কম। আর বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ আয়োজন থাকলে পর্যটকরা উৎসাহিত হয়। এতে পর্যটক সমাগমও বাড়ে।

কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি মুকিম খান বলেন, থার্টি ফার্স্ট নাইটে সৈকতে কনসার্ট বা বড় কোনো অনুষ্ঠান না থাকায় পর্যটক আসার ক্ষেত্রে প্রভাব পড়ছে। এক সময় নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় জানাতে সমুদ্র সৈকতে পর্যটকদের বাড়তি চাপ থাকতো। কিন্তু এখন তা নেই।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে উন্মুক্ত স্থান বা সমুদ্র সৈকতে গান-বাজনা, জমায়েত, আতশবাজি অথবা অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না। নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান চালাবে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল জোরদার রাখবেন। তবে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে হোটেল গুলো ইনডোরে সীমিত অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, এখানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই। তবে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশ সবসময় প্রস্তুুত আছে। পর্যটকরা যেন নিরাপদে ভ্রমণ করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কারো অনিরাপদ মনে হলে বা অভিযোগ থাকলে সৈকতে আমাদের অভিযোগ কেন্দ্র রয়েছে। অথবা কোন পর্যটক হয়রানির শিকার হলে সহজে আমাদের অভিযোগ জানাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন