নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করেছে এপিবিএন। এসময় বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে ৩ টায় টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৪ লেদা ডি ব্লক এলাকায় একদল রোহিঙ্গা নিজেদের মধ্যে মারামারি করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে।
এসময় খবর পেয়ে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএনের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ওই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে সেলিমকে (৩০) গ্রেপ্তার করে। সেলিম রোহিঙ্গা শরণার্থী।
স্থানীয় রোহিঙ্গা শরণার্থী ও মাঝিরা জানান, সেলিম প্রায় সময় রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনায়। সম্প্রতি আরও বেশি বেপরোয়া হয়ে উঠেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন এপিবিএন-১৬ ইউনিটের কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম। তিনি বলেন, আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়।
জানা গেছে, সম্প্রতি ক্যাম্পের বিভিন্ন এলাকায় একদল রোহিঙ্গা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে খুন সহ বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে। একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় আতঙ্কিত স্থানীয়রা। ক্যাম্পের ভেতরে কারা, কি উদ্দেশ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেটি বের করার দাবী জানিয়েছে স্থানীয়রা।