• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

মাহফুজ-জসিমের নেতৃত্বে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

নিজস্ব প্রতিদেক / ৮০২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

আরফাতুল মজিদ

কক্সবাজার সদরের পিএমখালী এলাকার ফসলি জমির টপ সয়েল কেটে তৈরি করা হচ্ছে ইট। শ্রমিক লাগিয়ে ট্রাকের মাধ্যমে জমির মাটি গুলো নিয়ে যাওয়া হচ্ছে আশপাশের ইটভাটায়। এতে জমির উর্বরতা হ্রাস পাওয়াসহ জমি হারিয়ে ফেলছে তার স্বাভাবিক উৎপাদন ক্ষমতা। রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না দীর্ঘদিন ধরে।

সরেজমিনে দেখা যায়, সদরের পিএমখালী ইউনিয়নের চেরাংঘর বাজারের পূর্বে বিশাল ফসলি জমি। ধানসহ বিভিন্ন সবজি চাষ হয় এসব জমিতে। এখনো বিশাল জমি জুড়ে রয়েছে শীতকালিন সবজির চাষ। একপাশে সবজির চাষ হলেও অন্যপাশ দিয়ে কাট হচ্ছে জমির মাটি। জমির উপরিভাগ কেটে নিয়ে যাওয়া হচ্ছে আশপাশের ইটভাটা গুলোতে। গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে চলছে ফসলি জমি থেকে মাটি কাটার কাজ। ডাম্পার মালিক মাহফুজ ও জসিম এসব মাটি নিয়ে যাচ্ছে ইটভাটায়। দীর্ঘদিন ধরে মাহফুজ ও জসিমের মালিকাধীন ডাম্পার ফসলি জমি লুট করছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার জেলায় প্রায় ৬২টি ইটভাটা রয়েছে। এরমধ্যে পিএমখালী ও আশপাশে রয়েছে প্রায় ১০টি মতো। মাত্র কয়েকটির বৈধ কাগজপত্র থাকলেও কাগজপত্র ছাড়াই চলছে বেশিরভাগ ভাটার কার্যক্রম। এসব ভাটার অধিকাংশই ফসলি জমি ভাড়া নিয়ে গড়ে উঠেছে। আর এসব ইটভাটার জন্য পার্শ্ববর্তী জমির উপরিভাগের মাটি কেটে নেয়া হয়। ধারণা না থাকায় কৃষক ও জমির মালিকরা অধিক মুনাফার প্রলোভনে জমির উপরিভাগের মাটি বিক্রি করে দিচ্ছেন ভাটা মালিকদের কাছে। এতে চরম হুমকিতে পড়ছে জমির উৎপাদন ক্ষমতা।

কৃষি জমি থেকে এভাবে ইট তৈরির মাটি সংগ্রহ করে ইট তৈরি করা ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। উদ্ভিদের বেঁচে থাকার জন্য যে পুষ্টির প্রয়োজন তা সাধারণত মাটির উপরিভাগে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফারসহ ১৩ ধরনের পদার্থ থাকে, যা উদ্ভিদ বা ফসলের জন্য অতি প্রয়োজনীয়। কিন্তু জমির উপরিভাগের মাটি কেটে নেয়ার ফলে জমি থেকে এসব পদার্থ চলে যাচ্ছে ইটভাটায়, যা ফসলের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হচ্ছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, মাঠ থেকে আমন ধান ওঠার পরপরই ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়। আর এসব মাটি ট্রাকে ও ট্রলিতে করে নিয়ে যাওয়া হয় ইটভাটায়। মাটি বিক্রি করেছেন, এমন চার-পাঁচজন কৃষক জানান, ইটভাটায় মাটি সরবরাহের জন্য একশ্রেণির দালাল চক্র গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের মাটি বিক্রি করতে উৎসাহ জোগায় এবং স্বল্পমূল্যে উপরিভাগের এসব মাটি কেটে কিনে নেয়। দীর্ঘমেয়াদি ক্ষতির কথা না জেনে সহজ-সরল কৃষকেরা নগদ লাভের আশায় জমির মাটি বিক্রি করেন।

সদরের কৃষক শাহজাহান, মুজিবর, মতলেব ও খালেকসহ অনেকের অভিযোগ, প্রতিটি ইটভাটায় গড়ে ২৫ থেকে ৩০ লাখ ইট তৈরি করতে প্রায় সাড়ে ৬ কোটি ঘনফুট মাটি ও বালু ব্যবহার করা হয়। এর অধিকাংশ জোগান দেয়া হয় ফসলি জমি থেকে। প্রশাসনের কোনো হস্তক্ষেপ না থাকায় বেপরোয়াভাবে কৃষি জমির মাটি চলে যাচ্ছে ইটভাটায়।

জেলা ইটভাটা মালিক সমিতির এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেয়ার কথা স্বীকার করে বলেন, ইটের ভাটায় ফসলি জমির মাটি যাচ্ছে সেটা সত্য। তাছাড়া জমির মালিকরা প্রজেক্ট করলে মাটি ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করে। তারা আমাদের ইটের ভাটায় তা দেন।

এবিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া এটা অপরাধ। দ্রুত সময়ে এবিষয়ে অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন