কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পৌর নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। সোমবার (১২ জুন) তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এসময় দুজনই সাংবাদিকদের নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। সকল প্রার্থীকে সুশৃংখল এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান তিনি, যাতে দিন শেষে অবাধ সুষ্ঠু নির্বাচন পৌরবাসীকে উপহার দেয়া যায়।
কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণ ধীরগতি নিয়ে প্রশ্ন করা হলে জেলা প্রশাসক বলেন, অনেকেরই ভোট দিতে সময় লাগছে আর বয়স্ক যারা তাদের একটু বেশী সময় লাগছে তাই কোথাও কোথাও এমনটা মনে হচ্ছে, ভোট গ্রহণ স্বাভাবিক আছে।
এ সময় পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, ‘প্রতিটি কেন্দ্রে পরিকল্পনা অনুযায়ী আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা আছে। এবং পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশী তৎপরতা আছে প্রতি কেন্দ্রে। ভোট গ্রহণ প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হবে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার। সূত্র-টিটিএন।