কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের চার নং ওয়ার্ড এলাকার পাগলির ছড়া খালের উপর দ্রুত কালবার্ট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাসানের জুম এলাকার একমাত্র ছড়ার উপর স্থানীয়দের উদ্যোগে কাটের তৈরি একাধিক সাঁকো-কালবার্ট দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন শতশত মানুষ। বৃষ্টির সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়। দুর্ভোগ পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থীদের আর তাৎক্ষণিক হাসপাতাল নিতে বাধা প্রাপ্ত হতে হয় বেদনাদগ্ধ অসংখ্য প্রসূতি মায়ের।
সম্প্রতি সময়ে কালবার্ট নির্মাণের দাবী জানিয়ে স্থানীয়রা বলেন, এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত, দ্রুত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য, জরুরি ভিত্তিতে রোগির যাতায়াতসহ সবমিলিয়ে এ ছড়ার উপর রাস্তা পারাপারের দু’টি পয়েন্টে দু’টি কালবার্ট স্থাপন করা বেশ জরুরি হয়ে পড়েছে।
এবিষয়ে জানতে চাইলে টইটং চার নং ওয়ার্ড এমইউপি আব্দুল হক বলেন, বিষয়টি গুরুত্বের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে, ইনশাআল্লাহ কালবার্ট এর ব্যবস্থা হবে।