কক্সবাজারের টেকনাফে মাদক বিক্রির টাকা দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাদক কারবারি আবু তৈয়বের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে কক্সবাজার দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবু তৈয়ব টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার দিলদার আহম্মদের ছেলে।
রোববার (২১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের পক্ষে সহকারী পরিচালক তুষার আহমেদ বাদী হয়ে উক্ত মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু তৈয়বের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় ২০১৯ সালের ৯ জুলাই অনুসন্ধানের সিন্ধান্ত গ্রহীত হয়। একই সাথে তৈয়বের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে সম্পদ অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ২০২৩ সালের ২১ মার্চ নোটিশ জারির আদেশ পায় কক্সবাজার দুদক কার্যালয়। একই বছরের ২৮ মার্চ সম্পদ বিবরণীর নোটিশ ইস্যু করা হয় তৈয়বের কাছে। সম্পদ বিবরণীর ফরণ পূর্রণ করে একই বছরের ৯ এপ্রিল দুদক কার্যালয়ে দাখিল করেন তৈয়ব।
দুদকের অনুসন্ধানে দেখা যায়- আবু তৈয়ব কর্তৃক দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫০ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষনা প্রদান করেন। বিবরণীতে ২০ লাখ টাকায় ঘর নির্মাণের ব্যয় দেখানো হলেও বাড়িটি নির্মাণের ব্যয় পাওয়া যায় ৪৭ লাখ ২১ হাজার টাকা। এতে তিনি ২৭ লাখ ৬১ হাজার ৫৪২ টাকা গোপন করেন। দুদকের অনুসন্ধানে আবু তৈয়বের নামে স্থাবর ও অস্থাবরসহ সর্বমোট ৭৭ লাখ ৮১ হাজার ৫৪১ টাকার সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া যায়। তবে এসব সম্পদ অর্জনের কোন বৈধ আয়ের উৎস পানটি দুদক।
দুদক বলছে- আবু তৈয়ব একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ২০১৯ সালে তৎকালিন জেলা পুলিশের মাধ্যমে আত্মসমর্পণ করে দুই বছর জেল হাজতে ছিল তৈয়ব। ২০১১ সালে হ্নীলা ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে মাছের ব্যবসার দাবী করলেও এ সংক্রান্ত কোন রেকর্ডপত্র উপস্থাপনা করতে পারেনি তৈয়ব। এমনকি তৈয়বের নামে ৫টি একাউন্ট ও ২টি যৌথ একাউন্টে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সর্বমোট ৯ কোটি, ৩৬ লাখ, ৭৩ হাজার ৭৩ টাকার ক্রেডিট হয়েছে। তবে ২০১৬ সালের পর থেকে একাউন্ট গুলো থেকে কোন ট্রানজেকশন হয়নি। এসব লেনদেনের ব্যাপারে আবু তৈয়ব কোন সন্তোষজনক ব্যাখ্যাও দুদক বরাবর উপস্থাপনা করতে পারেনি।
২৭ লাখ ৬১ হাজার ৫৪১ টাকা সম্পদ অর্জনের তথ্য গোপনের দায়ে এবং ৭৭ লাখ ৮১ হাজার ৫৪১ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় দুদক তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন গত রোববার।