বিশেষ প্রতিবেদক
নিজ ঘর থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল কক্সবাজার শহরের মধ্যম কলাতলী এলাকার রাসেল (২৮) ওরফে ইয়াবা রাসেল। ইয়াবাসহ রাসেলের ছোট ভাই ও মা আটক হলেও আত্মগোপনে ছিল রাসেল ও তার পিতা শামসুল ইসলাম। একই সাথে পলাতক ছিল রাসেলের ইয়াবা গডফাদার সাহাব উদ্দিনও। কিন্তু এখন তারা সবাই এলাকায় ফিরেছে। কলাতলী এলাকাসহ পুরো কক্সবাজারে প্রকাশ্যে ঘুরছে ইয়াবা মামলার পলাতক আসামী রাসেল, রাসেলের পিতা শামসুল ইসলাম, ইয়াবা ভেন্ডার সাহাব উদ্দিনসহ রাসেলের সহযোগিরা। একই সাথে রাসেলের আস্তানা হিসেবে রয়েছে মধ্যম কলাতলী এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন। যে ভবনটি দেখাশুনা করেন রাসেলের মামা মো. আমিন। বর্তমানে রাসেল প্রায় সময় ওই হোটেলে অবস্থান করেন এবং ইয়াবার লেনদেন করে বলে জানা গেছে।

মামলার আসামী রাসেল ও তার পিতা শামসুল ইসলাম।
জানা গেছে- চলতি বছরের ৮ মে সকালে মধ্যম কলাতলীর রাসেলের বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এই ঘটনায় তার মা ফাতেমা বেগম ও ছোটভাই সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। তবে পলাতক ছিল রাসেল ও তার পিতা শামসুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের বড় ছেলে রাসেল সাগর পথে ইয়াবা এনে পাচার করছিল। তার রয়েছে একটি সিন্ডিকেট। সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্যকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এদিকে রাসেল সিন্ডিকেটে রয়েছে তার নিজের দুই মামাও। ইতিমধ্যে একজন ইয়াবাসহ আটকও হয়েছিল। এরমধ্যে একজন রয়েছে জামাল। জামাল শহরের আলোচিত ইয়াবা কারবারি। ইয়াবা নিয়ে আটকও হয়েছিল। রয়েছে একাধিক মামলাও। অপরজন দেলোয়ার। তাদের মাধ্যমে ইয়াবা কারবারিতে জড়িয়ে পড়ে রাসেল।

ইয়াবা রাসেল ও তার সহযোগি। ইয়াবা বহণ করা ট্রলারে।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে রাসেলের অন্যতম ইয়াবা যোগানদাতা সাহাব উদ্দীন। সাহাব উদ্দীনের বাড়ি টেকনাফে। দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সুবাদে সাহাব উদ্দীন বসবাস করে আসছে রাসেলের এলাকায়। মধ্যম কলাতলী, চন্দ্রিমা এলাকা ও ঝরঝরিকুয়া এলাকায় ১০টির অধিক জায়গাও কিনেছে সাহাব উদ্দীন। সাহাব উদ্দীনের একভাইও ইয়াবা কারবারে জড়িত থাকায় আটক হন। সাহাব উদ্দিন, রাসেল ও জামাল হলো মূল ইয়াবা ট্যাবলেটের গড়ফাদার। সাগর পথে মিয়ানমার থেকে ইয়াবা এনে খালাস হয় কলাতলীর একটি নৌকার ঘাটিতে। যে ঘাটি দিয়ে ইয়াবা তুলে রাসেলের ঘরে জমা রাখা হয়। যেখান থেকে পুলিশ ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করে। দীর্ঘদিন ধরে রাসেল এসব ইয়াবা পাচার করতে গড়ে তুলেছে একটি সিন্ডিকেট।
এদিকে রাসেলের ইয়াবা গডফাদার সাহাব উদ্দীনের বাড়ি টেকনাফ হলেও ইয়াবা কারবারের জন্য প্রায় সময় অবস্থান করে কক্সবাজার শহরে। ওসি প্রদীপের আমলে সাহাব উদ্দীনের পুরো পরিবার পালিয়ে আশ্রয় নেন কলাতলী ঝরঝরিপাড়া এলাকায়। ঝরঝরিপাড়ায় আশ্রয় নিয়ে গড়ে তুলেন বিশাল ইয়াবা সিন্ডিকেট। যার একমাত্র সিন্ডিকেটের প্রধান হলেন মধ্যম কলাতলী এলাকার শামসুল ইসলামের ছেলে রাসেল।
এমনকি সাহাব উদ্দীনের বড়ভাইকেও টেকনাফ থানা পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কক্সবাজার কলাতলী থেকে। ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে সাহাব উদ্দীনের ভাইকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। সাহাব উদ্দীনের পুরো পরিবারেই ইয়াবা কারবারে জড়িত বলে জানা গেছে। মেজর সিনহা হত্যাকান্ডের পর ফের টেকনাফ চলে যায় সাহাব উদ্দীনের পুরো পরিবার। মধ্যম কলাতলীতে সাহাব উদ্দীনের শালা হিরু ও মাসেকসহ পুরো পরিবার ইয়াবা কারবারে জড়িত বলে জনশ্রুতি রয়েছে পুরো কলাতলী এলাকায়। সাহাব উদ্দীনের হয়ে কক্সবাজারে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে রাসেল।
একটি সূত্রে জানা গেছে, তাদের ইয়াবা খালাসের মূল পয়েন্ট হল কলাতলী মেম্বারের নৌকার ঘাটটি। যে পয়েন্ট দিয়ে রাসেল সিন্ডিকেটসহ অনেক ইয়াবা কারবারি মাদক খালাস করে নিয়মিত।

বর্তমানে কলাতলীর এই ভবন রাসেলের আস্তানা।
রাসেলের প্রতিবেশিরা জানান, তার পুরো পরিবার ইয়াবা কারবারে জড়িত। দীর্ঘদিন ধরে সাহাব উদ্দীনের হাত ধরে রাসেল ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। এতে রাসেলের মামা জামাল ও দেলোয়ার ইয়াবাতে জড়িত। তার এই দুই মামা শহরের শীর্ষ ইয়াবা কারবারি। ইয়াবাসহ আটকও হয়েছিল জামাল। অনেকটা তারা মামা-ভাগিনা সিন্ডিকেট হিসেবে পরিচিত। পুলিশ ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করলেও আরো এক বস্তা ইয়াবা নিয়ে পালিয়ে যায় রাসেল ও তার বাবা।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে- দীর্ঘদিন পলাতক থাকলেও ইয়াবা রাসেল বর্তমানে এলাকায় ফিরেছে। বলতে গেলে এক প্রকার প্রকাশ্যে চলছে রাসেল। নামি-দামি বাইক নিয়ে চলছে প্রকাশ্যে। এতে তার সহযোগিরাও নিয়মিত থাকেন। একই সাথে এলাকায় ফিরেছে আরেক গডফাদার সাহাব উদ্দিনও। রাসেলের পিতা ইয়াবা মামলার আসামী শামসুল ইসলামও বর্তমানে এলাকায় অবস্থান করছে। এমনকি বর্তমানে রাসেলের অবস্থান মধ্যম কলাতলী এলাকার একটি নির্মাণীধীন বহুতল ভবন। যে ভবনটি দেখাশুনা করেন রাসেলের মামা মো. আমিন।
একটি সূত্রে জানা গেছে- বর্তমানে প্রায় সময় রাসেল তার মামা দেখাশুনা করা হোটেলে অবস্থান করেন। সেখানে ইয়াবা কারবারিদের সাথে বেঠকও করেন নিয়মিত। ওই হোটেলে পুলিশ তল্লাশিও চালিয়েছিল। রাসেলের বাড়ি থেকে যখন ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; ওই দিন মো. আমিনের দেখাশুনা করা হোটেলে পুলিশ তল্লাশি চালিয়ে ছিল। ওই হোটেলে ইয়াবা মজুদ রাখার তথ্য ছিল পুলিশের কাছে। কিন্তু কৌশলে ইয়াবা গুলো রাসেল ও তার মামা সরিয়ে নেন বলে জানা গেছে। যার কারণে পুলিশ পুরো হোটেলটি তল্লাশি চালিয়েছিল। বর্তমানে আত্মগোপন থেকে এলাকায় প্রকাশ্যে এসে ওই হোটেলে প্রায় অবস্থান করেন ইয়াবা রাসেল। একই সাথে জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার। থেমে নেই রাসেল সিন্ডিকেটের তৎপরতাও।
আরও পড়ুন:
হোটেল থেকে পলায়ন: পরে কলাতলী আ.লীগ অফিসে জম্মদিন পালন ইয়াবা কারবারির