বিশেষ প্রতিবেদক
কক্সবাজার কলাতলীর নিজ বাসা থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দসহ মা-ছেলে আটক হলেও অধরা রয়েছে মূলহোতা রাসেল। একই সাথে রাসেলের সহযোগিরাও রয়েছে অধরা। দীর্ঘদিন ধরে রাসেলের সহযোগিরা আত্মগোপনে থাকলেও এখন সবাই প্রকাশ্যে। এরিমধ্যে ইয়াবা রাসেলের অন্যতম সহযোগি হলো মধ্যম কলাতলী এলাকার তৌহিদুল ইসলাম। রাসেলের সহযোগি ও ইয়াবা কারবারি হিসেবে তৌহিদ এলাকায় বেশ পরিচিত। রাসেলের সহযোগি হিসেবে পুলিশের খাতায়ও নাম রয়েছে তৌহিদের।
এবার সেই ইয়াবা কারবারি ও রাসেলের সহযোগি তৌহিদের জম্মদিনের কেক কাটা হয়েছে কক্সবাজার পৌরসভার কলাতলী ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিসে। বুধবার (২০ অক্টোবর) রাত ৯ টার দিকে কলাতলীস্থ ‘ওয়ার্ল্ড বীচ’ হোটেলের হলরুমে জম্মদিনের আয়োজন পন্ড হয় তৌহিদের। হোটেলের হলরুম থেকে পালিয়ে তৌহিদ ও তার সহযোগি বন্ধুরা বুধবার রাতে কেক কাটেন ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিসে।
এরপর দ্বিতীয় কেক কাটা হয় ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা আনছারুল করিমের নিজস্ব হোটেলে। একজন চিহ্নিত ইয়াবা কারবারির সহযোগির জম্মদিনের কেক আওয়ামীলীগের অফিসে পালন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অথচ এই তৌহিদুল ইসলাম ছাত্রলীগ, যুবলীগ বা আ.লীগের কোন পদে নেই। অতীতেও কোন দলে ছিল না বলে জানিয়েছে অনেক ছাত্রনেতা। দলীয় অফিসে চিহ্নিত ইয়াবা কারবারি ও মাদক মামলার আসামী রাসেলের সহযোগির জম্মদিন পালনের বিষয়টি অবগত রয়েছে খোদ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও।
কলাতলী এলাকার কয়েকজন ছাত্রলীগ নেতা জানান, মধ্যম কলাতলী এলাকার একজন চিহ্নিত ইয়াবা কারবারি হলেন শামসুল ইসলামের ছেলে রাসেল। গত ৮ মে তার বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এই ঘটনায় রাসেলের মা ফাতেমা বেগম (৪০) ও তার ছোট ভাই সাইফুল ইসলাম (২২) কে আটক করলেও কৌশলে আরো বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে পালিয়ে যায় রাসেল ও তার বাবা। এঘটনায় রাসেলের বিরুদ্ধে মামলাও হয়েছে। এছাড়া মাদক মামলায় বেশ কয়েকবার কারাগারেও ছিল রাসেল। সেই রাসেলের অন্যতম ইয়াবা সহযোগি তৌহিদুল ইসলাম।

ইয়াবা কারবারি রাসেলের সাথে শপিংয়ে সহযোগি তৌহিদ।
কলাতলীর এক ছাত্রলীগ নেতা বলেন, ইয়াবা রাসেলের কয়েকজন চিহ্নিত সহযোগি রয়েছে। তারমধ্যে অন্যতম তৌহিদ। রাসেল তার নিজস্ব ফিশিং বোট নিয়ে সাগর পথে ইয়াবা নিয়ে আসত কলাতলী পয়েন্টে। এই বোট গুলো মনিটরিং করত তৌহিদ। তৌহিদ নিয়মিত ওই বোট নিয়ে সাগরে যেতো। তৌহিদের যাবতীয় খরচ বহণ করত ইয়াবা রাসেল। তৌহিদকে দামি বাইক ও দামি মোবাইল ফোন দিত মাদক মামলার আসামী রাসেল। ২০২০ সালেও তৌহিদের জম্মদিন পালন করা হয়েছে তারকামানের হোটেল কলাতলী ওয়ার্ল্ড বীচ রিসোর্টে। জমকালো ওই জম্মদিনের সব খরচ দিয়েছিল রাসেল। রাসেলের ইয়াবা পার্টনার হিসেবে কলাতলীতে বেশ পরিচিত তৌহিদ। তার দৃশ্যমান আয়ের কোন উৎস না থাকলেও জীবন-যাপন আলিশান। তবে সম্প্রতি এলাকায় একটি সেলুনের দোকান দিলেও তেমন আয় নেই বলে জানা গেছে।
গত ৮ মে রাসেলের বাড়ি থেকে ইয়াবা উদ্ধারের পরপরেই কিছু দিন আত্মগোপনে ছিল তৌহিদসহ সহযোগিরা। রাসেলের সহযোগি বলে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছিল তৌহিদসহ একডজন সহযোগির। সংবাদের পর তারা কিছু দিন আত্মগোপনে থাকলেও এখনো সবাই প্রকাশ্যে।

মাদক কারবারি রাসেলের ট্রলারে গভীররাতে সহযোগি তৌহিদ।
জানা গেছে, বুধবার (২০ অক্টোবর) ইয়াবা সহযোগি তৌহিদুল ইসলামের জম্মদিন ছিল। তার জম্মদিনের আয়োজন করা হয়েছিল কলাতলীস্থ তারকামানের ‘ওয়ার্ল্ড বীচ’ হোটেলের হলরুমে। বুধবার রাত ৮ টা থেকে হলরুম সাজসজ্জা শুরু করেন তৌহিদ ও তার সহযোগিরা। তারমানের হোটেলের হলরুমটি বেলুন লাইটিং বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাজসজ্জা প্রায় শেষ। তার অনেক বন্ধু ও কয়েকজন মাদক কারবারিও জম্মদিনের অনুষ্ঠানে যান।
তৌহিদের জম্মদিনে যাওয়া কয়েকজন বন্ধু বলেন, বুধবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে হঠাৎ জম্মদিনের অনুষ্ঠান হোটেলে আর হবে না বলে জানিয়ে দেন তৌহিদ। হোটেলে তার জম্মদিনের আয়োজনের বিষয়টি সাংবাদিক অবগত হয়েছে; এই কথা বলে হোটেলে আয়োজন বন্ধ রেখে আর কেকও কাটেনি। এরপর তৌহিদ হোটেল থেকে পালিয়ে যায়।
এদিকে ইয়াবা সহযোগি তৌহিদ কেক না কেটে হোটেল থেকে পালিয়ে গেলেও রাত ১০ টার দিকে তার কেক কাটা হয়েছে কলাতলী ডলফিন মোড়স্থ ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিসে।
কলাতলী এলাকার এক আওয়ালীলীগ নেতা বলেন, রাসেল একজন চিহ্নিত ইয়াবা কারবারি। একই সাথে তার সহযোগিরাও চিহ্নিত মাদক কারবারি। তৌহিদ নামে যে ছেলেটির কেক কাটা হয়েছে সে কোন লীগে নেই। বরং তার নামে অভিযোগ রয়েছে ইয়াবা কারবারির। এমন একজন ছেলের জম্মদিনের কেক দলীয় অফিসে পালন করা খুবই দুঃখজনক।
এক পর্যায়ে তিনি বলেন, হয়ত তৌহিদ ছোট ছেলে হওয়ায় তার বিষয়ে বিস্তারিত অনেক বড় জনের নজরে নাও থাকতে পারে। তবে সব কিছু জেনেশুনে করা ভালো।
এবিষয়ে জানতে ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোর্শেদুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেনি। পরিচয় দিয়ে ক্ষুদ্রে বার্তা পাঠানো হলেও কোন উত্তর মেলেনি।

সাবেক ছাত্রলীগ নেতা কলাতলীর আনছারের হোটেল তৌহিদের জম্মদিন পালন।
এদিকে ওয়ার্ল্ড আওয়ামীলীগ অফিসে কেক কাটার ১ ঘন্টার পর পূনরায় এই ইয়াবা সহযোগি তৌহিদের জম্মদিন পালন করা হয় ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনের কাউন্সিলর প্রার্থী আনছারুল করিমের হোটেলে। আনছারের হোটেলেও কেক কেটে জম্মদিন পালন করা হয়েছে ইয়াবা কারবারি রাসেলের সহযোগির। যদিওবা জনশ্রুতি রয়েছে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত রয়েছে আনছারুল করিম। প্রাইভেটকারসহ ইয়াবা নিয়ে উখিয়ায় আটকও হয়েছিল কলাতলীর এই আনছার। তবে এই মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।