কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই কক্সবাজার কলাতলী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে থেকে পশ্চিম পাশ পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখল করে ভাড়া দেওয়া হচ্ছে বাইক। রাস্তার উপর অবৈধভাবে সাজিয়ে রেখে পর্যটক ও স্কুল ছাত্রদের ঘন্টা অনুসারে বাইক গুলো ভাড়া দিচ্ছে ১০ জনের একটি সিন্ডিকেট। এক প্রকার প্রতিযোগিতামূলক বাইক ভাড়া দেওয়ার কারনেই পুরো রাস্তা ও ফুটপাত দখলে থাকছে সকাল থেকে রাত পর্যন্ত। এতে সহজে চলাচল করতে পারছে না পর্যটকসহ স্থানীয়রা। অনেক সময় পর্যটকদের বাইক ভাড়া দিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ভোটার আইডি, জন্ম নিবন্ধন এবং ড্রাইভিং লাইসেন্স না থাকলেও পর্যটক ও স্কুল ছাত্রদের ভাড়া দেওয়া হয় বাইক। কয়েক মাস ধরে কলাতলীর মোড়ে রাস্তা ও ফুটপাত দখল করে চলছে এই কার্যাক্রম। এমনকি এই অবৈধ বাইক পার্কিংয়ে চলে বখাটেদের আড্ডা ও ইভটিজিং।
অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে বাইক ভাড়া দেওয়ায় জড়িত রয়েছে- কলাতলী এলাকার হাসান আলী ফকিরের ছেলে ভুট্টো, মধ্যম কলাতলী এলাকার শামশু আলমের ছেলে রাসেল ওরফে ইয়াবা রাসেল, বাপ্পি, মাধ্যম কলাতলী এলাকার লালু মিস্ত্রির ছেলে জামাল, বড়ছড়া এলাকার ফাহিম, আবু শামার ছেলে আবু তাহের, জহির সওদাগরের ছেলে শফিউল আলম, মাধ্যম কলাতলী এলাকার আবু কালাম পেঠানের ছেলে কাসফিন, আদর্শগ্রাম এলাকার ইরফান ও ঝিরঝিরি পাড়া এলাকার ফরিদুল আলমের ছেলে জাকির। তারাই এই অবৈধ বাইক পার্কিংয়ে জড়িত রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে- কয়েকমাস আগে কয়েকজন ব্যক্তি কয়েকটি বাইক রাস্তার উপর দাঁড় করিয়ে ঘন্টাপ্রতি ভাড়া দিচ্ছে পর্যটকদের। এরপর আস্তে আস্তে শতাধিক বাইক রাস্তার উপর লাইন করে সাজিয়ে রাখা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। প্রতিজনের ৪ থেকে ২০টি পর্যন্ত বাইক রয়েছে। এরমধ্য অনেক বাইক নাম্বার বিহীন অবৈধ গাড়ি। রাস্তার উপর বাইক রাখার কারণে পর্যটকরা গাড়ি থেকে নেমেই সহজে হোটেল কিংবা সাগরে নামতে পারছে না। অবৈধভাবে রাস্তার উপর বাইক পাকিং করার কারণে জটও লেগে থাকছে সবসময়।
স্থানীয় কয়েকজন দোকানদার এবং কাউন্টারের মালিকরা জানান, দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন উৎশৃঙ্খল যুবক রাস্তার উপর বাইক দাঁড় করিয়ে পর্যটকদের ভাড়া দিচ্ছে। কোনো নিয়ম নীতি ছাড়া ইচ্ছা মতো পর্যটকদের কাছ থেকে ঘন্টা প্রতি ভাড়া আদায় করছে ৩০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত। অনেক সময় কৌশলে জিম্মি করে পর্যটকদের কাছ থেকে ভাড়াও আদায় করা হয়। এসব নিয়ে পর্যটকদের সাথে নিয়মিত ঝগড়া হয় বাইক মালিকদের সাথে। এমনকি বাইক ভাড়া দিতে অনেক সময় মানাও হয় না নিয়ম নীতি। ড্রাইভিং লাইসেন্স না থাকলেও দেওয়া হচ্ছে ভাড়া। এমনকি স্কুল-কলেজের ছাত্র এবং শিশুদের দেওয়া হয় বাইক ভাড়া। এতে প্রায় সময় ঘটেও দুর্ঘটনা। এতে বড় অংকের টাকাও দাবী করে অবৈধভাবে পার্কিং করা বাইক মালিকরা।
একজন টিকেট কাউন্টারের মালিক বলেন- অবৈধভাবে বাইক গুলো রাস্তার উপর দাঁড় করিয়ে ভাড়া দেওয়ার কারণে পর্যটকরা সহজে হাটাচলা করতে পারছে না। এতে দুর্ভোগের সীমা থাকে না। এমনকি দিনভর বখাটের আড্ডা চলছে রাস্তার উপরে। এসব বাইকের উপর বসে বসে মেয়েদের ইভটিজিং করা হয় প্রতিনিয়ত। বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত বখাটের আড্ডায় পরিণত হয়েছে বাইকের স্থান গুলো। তারা কাউকে তোয়াক্কা করে না। একদিকে রাস্তা ও ফুটপাত দখল করে বাইক পার্কিং অন্যদিকে বাইকের উপরে এবং পাশে বসে বখাটের আড্ডা ও ইভটিজিং চলছে প্রতিনিয়ত। এই অবৈধ বাইক পার্কিংয়ের জন্য ইতিমধ্যে অনেক ঘটনাও ঘটেছে এই এলাকায়।
এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন- পর্যটন এলাকায় কোনো অবৈধ দখল বা পার্কিং করা বৈআইনি। রাস্তার উপর বা ফুটপাতেত প্রশ্নেই আসে না। পর্যটকসহ সকলের চলাচলের সুবিধার জন্য দ্রুত সময় কলাতলীর অবৈধ বাইক পার্কিংয়ের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে তাদের সতর্ক করা হবে। যদি সতর্ক তারা অমান্য করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সবার বিরুদ্ধে।
আরও পড়ুন :