কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের দক্ষিণ আদর্শগ্রামের চৌদ্দগ্রাম রাস্তার মাথায় বিশাল পাহাড় কেটে প্লট তৈরি করছেন আলোচিত ইয়াবা ডন সাইদুল হোসেন ও তার সহযোগীরা। গত ৩/৪ মাস ধরে তারা সেখানে প্রকাশ্যে পাহাড় কেটে আসছেন।
এলাকাবাসী জানিয়েছেন, রাস্তা তৈরির নাম দিয়ে প্রকাশ্যে পাহাড় কাটা শুরু করেন নাসিরুল ইসলাম সিকদার নামের এক ব্যক্তি। তার পাশ ঘেঁষেই পাহাড় কাটেন রামুর পশ্চিম চাকমারকুলের আলোচিত ইয়াবা ডন সাইদুল হোসেন ও তার সহযোগী খরুলিয়ার জাহাঙ্গীর আলম বাদশা। প্রকাশ্যে পাহাড় কাটার সময় তারা সেখানে প্রভাবশালীদের নাম ব্যবহার করেন।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার খরুলিয়া এলাকার আবদুল খালেকের পুত্র জাহাঙ্গীর আলম বাদশা কলাতলী দক্ষিণ আদর্শগ্রামের বিশাল পাহাড়ের ৭ শতক কেটে ফেলেছেন। পাহাড় কেটে রাতের বেলা মাটি পরিবহনের সময় গত ফেব্রুয়ারী মাসে চট্রমেট্রো-ড-১১-০০৭৪ নম্বরের একটি ডাম্প ট্রাক জব্দ করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। পরে তা জরিমানা দিয়ে ছাড়িয়ে নেন আলোচিত ইয়াবা ডন রামুর পশ্চিম চাকমারকুলের মৃত মোস্তফার পুত্র সাইদুল হোসেন। গাড়ি ছাড়িয়ে নিয়ে আবারও পাহাড় কাটা হয়।বর্তমানে কারাগারে থাকা ইয়াবা ডন সাইদুল হোসেনের প্রধান সহযোগী হলো খরুলিয়ার আবদুল খালেকের পুত্র জাহাঙ্গীর আলম বাদশা। ইয়াবার টাকায় সব দিক ম্যানেজ করে পাহাড় কেটে পাশের নাসিরুল ইসলাম সিকদারের বসতিও ঝুঁকিপূর্ণ করে ফেলা হয়েছে। নাসিরুল ইসলাম সিকদার নিজেও ৬ শতক পাহাড় কেটেছেন। নাসিরুল ইসলাম সিকদার টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম সিকদারপাড়ার সিরাজুল ইসলাম সিকদারের পুত্র।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাসিরুল ইসলাম সিকদার বলেন, ‘আমি পাহাড় কাটার সাথে জড়িত নই, রাস্তার জন্য সামান্য পাহাড় কাটা হয়েছে। এছাড়া পাশের ব্যক্তি পাহাড় কেটে আমার ঘরও ঝুঁকিপূর্ণ করে ফেলেছে।’
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় জাহাঙ্গীর আলম বাদশার সাথে কথা বলা সম্ভব হয়নি। দৃষ্টি আকর্ষণ করা হলে পাহাড় কাটার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছিল। পরে তা জরিমানা আদায় করে সাইদুল হোসেনের জিম্মায় ছেড়ে দেয়া হয়।