নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে সাঈদ হোসেন বাপ্পি (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে কলাতলী পয়েন্টে থেকে তার মরদেহ লাইফ গার্ড কর্মীরা উদ্ধার করেন। একই স্থানে গোসল করতে নেমে নিখোঁজ সাঈদের বন্ধু মুসাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।
মৃত সাঈদ রামু উপজেলার তেচ্ছিরকুল গ্রামের বাসিন্দা শামশুল আলমের ছেলে ও রামু সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, সকালের দিকে সাঈদ ও তার ছয় বন্ধু মিলে টায়ার টিউব ভাড়া করে সাগরে গোসল করতে নামে। হটাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় টিউব তাদের হাতছাড়া হয়ে প্রবল ¯্রােতের টানে ভেসে যায় তারা। এ সময় লাইফগার্ড কর্মীরা পাঁচজনকে উদ্ধার করতে পারলেও সাঈদ নিখোঁজ ছিলেন। পরে প্রায় দুই ঘণ্টা পর ভেসে যাওয়া স্থানের কিছু দূরে তার মরদেহ ভেসে উঠে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন, সাগরে ভেসে যাওয়া কলেজ ছাত্র সাঈদকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ স্বজনদের দেওয়া হয়েছে।