প্রেস বিজ্ঞপ্তি:
সোমবার (৩ মে) দুপুরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোক্তা ও বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারী লায়ন মো: মুজিবুর রহমান এবং ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকদের মাঝে চলমান করোনাভাইরাসের সংক্রমণকালে অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ডিন ও রেজিস্ট্রারার (ভারপ্রাপ্ত) ড. জাকির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য কলামিস্ট ও মানবাধিকার কর্মী জনাবা মাহবুবা সুলতানা শিউলী। সিএসই বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লিটন শর্মা কসফারেন্স মডারেট করেন।
দুইঘন্টাব্যাপী চলমান এ অনলাইন কনফারেন্সে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ.এস.এম. সাইফুর রহমান, টুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাকিল আহমেদ, বিবিএ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক রাজিদুল হক, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) রাজিদুর রহমান এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) এইচ.এম আরিফুল ইসলামসহ বিভিন্ন ডিপার্টমেন্টের ২২জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো: মুজিবুর রহমান বলেন, গোটা বিশ্ব এখন কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ফলে আমাদের দেশও দেড়মাসব্যাপী লকডাউনের কবলে পড়েছে। দীর্ঘ দিন যাবত সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসভিত্তিক পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে ব্যাপকভাবে পিছিয়ে পড়ছে।
এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দিক-নির্দেশনার আলোকে লাকডাউন চলাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিহিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়কে সচল ও গতিশীল রাখার লক্ষ্যে তিনি ছাত্র-শিক্ষক সবাইকে অনলাইন ভিত্তিক একাডেমিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।