নিজস্ব প্রতিবেদক:
আগষ্টের মাঝামাঝি সময়ে শেষ হচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমেদের মেয়াদ। বর্তমান চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়োগ দেওয়া হবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান।
টানা দুইবার কউক চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফোরকান আহমেদ দায়িত্ব পালন করে আসছে। তবে তাকে আর পুনঃনিয়োগ দেয়া হচ্ছে না বলে একাধিক মাধ্যমে জানা গেছে। তাই কউক চেয়ারম্যান পদে নতুন মুখ আসার ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। চেয়ারম্যান পদে পরিবর্তনকে কেন্দ্র করে কে হবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান তা নিয়ে সর্বত্র আলোচনা চলছে।
চেয়ারম্যান পদে আলোচনায় এসেছে কয়েকজনের নাম। এদের মধ্য থেকেই নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেতে পারেন। তাই জোর লবিংও শুরু করেছেন কেউ কেউ।
কউক চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা। তার মত ক্লিন ইমেজের রাজনীতিবিদ এ সময়ে বিরল। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে তার অত্যন্ত গ্রহণযোগ্যতা আছে। জেলা পর্যায়ে ক্ষমতাসীন দলের সর্বোচ্চ পর্যায়ে থেকেও ক্ষমতার অপব্যবহার বা প্রভাব বিস্তারের বিন্দু পরিমাণ অভিযোগ নেই তার বিরুদ্ধে। তার সততা ও স্বচ্ছতার বিষয়টিও কউক চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার দৌড়ে তাকে এগিয়ে নিয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুডবুকে শীর্ষে আছেন জেলার বর্তমান সময়ের সবচেয়ে বেশি অভিজ্ঞ এ রাজনীতিবিদ।
কউক চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার আলোচনায় রয়েছে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার। ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলনে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। উচ্চশিক্ষিত ও সৃজনশীল রাজনীতিবিদ হিসেবে কউক চেয়ারম্যান পদে প্রশান্ত ভূষণ বড়ুয়া আসার সম্ভাবনা দেখছেন অনেকে। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আসা দলের এই ত্যাগী নেতাকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করবেন বলে আশা করছেন অনেকে।
জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর নিয়োগ পাওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে ছাত্র রাজনীতি করে আসা ক্লিন ইমেজের বাহাদুরের কউক চেয়ারম্যান হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। ইতোমধ্যেই সোহেল আহমেদ বাহাদুরকে কউক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন প্রচার-প্রচারণা শুরু করেছেন যুবলীগের নেতাকর্মীরা।
নতুন কউক চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার দৌঁড়ে সাবেক জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খোরশেদ আলম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও কক্সবাজারের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক কর্মী কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলও এগিয়ে আছেন।
তবে অনেকের দাবী তৃতীয় মেয়াদেও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফোরকান আহমেদ নিয়োগ পেতে পারেন। এজন্য তিনি পুন:নিয়োগ পেতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন।
কক্সবাজার সাধারণ মানুষের দাবী, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় শহর করতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা অনেক বেশি। তাই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হতে হবে সৃষ্টিশীল ও আধুনিক। কারণ কউকই পারে কক্সবাজারকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে।
২০১৫ সালে পরিকল্পিত নগরায়নের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা নেওয়া হয়। আর তা বাস্তবায়নে জাতীয় সংসদে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬’ পাস হয়েছে।
বাংলাদেশ সময় ১৯১৯ ঘণ্টা, ২৩ জুলাই ২০২০
আএম/এনআই