নিজস্ব প্রতিবেদক
বুধবার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ জোন চালু করা হয়েছে। দুপুর ১২টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে এ জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
কিন্তু রাত ১০ টার দিকে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন চালু রাখার সিন্ধান্ত প্রত্যাহার করে নেন জেলা প্রশাসন। বুধবার (২৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

সৈকতের নারী ও শিশু জোন বাতিল।
এতে বলা হয়েছে- জেলা প্রশাসন সম্মানিত পর্যটকদের মতামতের উপর সবসময় শ্রদ্ধাশীল। বিভিন্ন সময়ে পর্যটকদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন যে, নারী ও শিশু পর্যটকদের জন্য যারা ইচ্ছা পোষণ করবেন তাঁদের জন্য একটি এক্সক্লুসিভ জোন থাকলে ভাল হয়। সে বিবেচনায় বীচ ম্যানেজমেন্ট কমিটির সিন্ধান্তের আলোকে একটি পৃথক এলাকা চিহ্নিত করে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন করার উদ্যোগ নেয়া হয়। এক্সক্লুসিভ জোন যাদের ইচ্ছা হবে যাবে, অন্য পর্যটকরা তাঁদের ইচ্ছেমত ঘুরবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- এই সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। সংবাদে প্রতিক্রিয়া পর্যালোচনায় বিষয়টি নিয়ে বিরূপ মতামত পাওয়া গেছে। পর্যটকদের মতামতের উপর সবসময় আমরা শ্রদ্ধাশীল। সুতরাং সম্মানিত পর্যটকদের মতামতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন চালু রাখার সিন্ধান্ত প্রত্যাহার করা হলো।