সুবিধাবঞ্চিত প্রায় দুই শতাধিক শিশু নিয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনন্দ উৎসবের আয়োজন করে ‘নতুন জীবন’। নতুন জীবন নামের এই সংগঠন পথশিশুদের উন্নয়নে কাজ করে। ২০১৪ সাল থেকে শহরে কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। পথশিশুদের শিক্ষা, চিকিৎসা ও মাঝেমধ্যে খাদ্য-বস্ত্রের ব্যবস্থা করে থাকে তারা।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শুক্রবার কোরবান পরবর্তী ঈদ আনন্দ ও ভোজনের আয়োজন করা হয় শহরের পৌরপ্রিপ্যারেটরী উচ্চবিদ্যালয় মাঠে। আজ আহারের চিন্তা নেই, তাই প্লাস্টিক কুড়ানোরও প্রয়োজন নেই। একসাথে হৈ-হুল্লোড়, আর নাচে-গানে মেতে উঠে সবাই। ছেলে এবং মেয়ে শিশুদের জন্য আলাদা আলাদা করে বিস্কুট দৌড়, বল চালানো, চেয়ার খেলা সহ আয়োজন ছিল কয়েকটি ক্রীড়া প্রতিযোগীতার।
দুপুরে সবার সাথে কোরবানের ঈদের দিনের মতই গরু মাংস আর অন্যান্য আইটেম দিয়ে পেট ভরে আহার করে তারা। ওই সময় তাদের চোখে মুখে যেন অন্য রকম আনন্দের ছাপ দেখা যায়।