নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত মুন্নার বড় ভাই গিয়াস উদ্দিন নিহত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া এলাকায় গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে রোহিঙ্গারা।
লম্বাশিয়া এলাকার একজন ফার্মেসি ব্যবসায়ী জানান, গত কয়েকদিন ধরে রোহিঙ্গা শিবিরের বিভিন্ন এলাকায় স্বর্ণ ও মাদককে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপ কয়েকটি গ্রুপ। ইতোমধ্যে তাদের হাতে কয়েকজন রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে মুন্নার বড় ভাই গিয়াস উদ্দিনকে আটক করে রোহিঙ্গারা। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।
এইচ কে রফিক উদ্দিন নামে একটি ফেসবুক একাউন্ট থেকে গণপিটুনি লাইভ সম্প্রচার করা হয়। সেখানে দেখা যায় একদল রোহিঙ্গা গিয়াস উদ্দিনকে পিটিয়ে হত্যা করছে।
এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য এপিবিএন-১৪ এর সেকেন্ড ইন কমান্ড মো. রাকিব খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি অপারেশনে আছেন জানিয়ে ফোন কেটে দেন। রোহিঙ্গা শিবিরের ওই এলাকাটি এপিবিএন-১৪ এর আওতাভুক্ত।