ঢাকা অফিস:
বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি করোনা ভাইরাসের সংক্রমণের চলমান সংকটকালীন সময়ে বেকার ও কর্মহীন হয়ে পড়া যুবদের ঈদের আগে এককালীন অর্থ সহায়তা প্রদান ও আসন্ন জাতীয় বাজেটের ৫% কর্মসংস্থান খাতে সুনির্দিষ্ট বরাদ্দের দাবীতে আন্দেলন কর্মসূচি ঘোষণা করেছে।
পক্ষকালব্যাপী কর্মসূচির প্রথম দিনে শুক্রবার (৮ মে) দেশব্যাপী দাবী সম্বলিত প্ল্যাকার্ড/পোস্টার হাতে দূরবন্ধন কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আজ বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠণের দূরবন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সভাপতি হাফিজ আদনান রিয়াদ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশের বিপুল বেকার যুবদের কাতারে নতুন করে কর্মহীন হয়ে পড়া আরো লক্ষ-কোটি যুব যুক্ত হয়েছে। সরকার এখনো পর্যন্ত করোনা সংক্রমণ ও বিপর্যয় মোকাবেলায় কোন দৃঢ় সিদ্ধান্ত দিতে পাড়েনি। ফলে জনজীবনে সঙ্কা, অস্থিরতা আরো বেড়েছে। মানুষ এখন আর লকডাউন মানছে না।
দেশের এই বিপুল বেকার ও কর্মহীন জনগোষ্ঠীকে সরকার কোন সস্তিদায়ক বার্তাতো দেয়ইনি বরঞ্চ সাধারণ ছুটি, আংশিক খোলা, শর্ত সাপেক্ষে খোলা বা বন্ধ ইত্যাদি নানা কথা বলে আরো বিভ্রান্ত করেছে। দেশের ১কোটি ১০ লক্ষ প্রাতিষ্ঠানিক শ্রমিকরাতো বটেই এর বাইরের ২কোটি ৩০ লক্ষ কৃষি শ্রমিক এবং আরো প্রায় ৩কোটি ২০ লক্ষ অন্যান্য পেশার শ্রমজীবী মানুষদের কারো জন্যই স্বাস্থ্যগত, আর্থিক বা সামাজিক সুরক্ষা বর্তমান সরকার নিশ্চিত করতে পারে নাই।
ফলে আসন্ন ঈদকে সামনে রেখে জরুরিভিত্তিতে বেকার ও কর্মহীন হয়ে পড়া যুবদের এককালীন অর্থ সহায়তা প্রদান ও আসন্ন জাতীয় বাজেটে দেশের প্রধান সমস্যা হিসেবে কর্মসংস্থান সংকটকে চিহ্নিত করে জাতীয় বাজেটের ৫% কর্মসংস্থান খাতে সুনির্দিষ্ট বরাদ্দ করতে হবে। তা দিয়ে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করে বেকারদেরকে কাজে লাগাতে না পারলে জাতীয় বিপর্যয় অবশ্যম্বাবী।
লক্ষ কোটি যুবদের কর্মশক্তিকে নিষ্ক্রিয় রেখে শুধুমাত্র লুটেরা ধনীক শ্রেণীর পৃষ্টপোষকতা করে শেষ রক্ষা হবে না। জাতীয় বাজেটে কর্মসংস্থান খাতে সুনির্দিষ্ট বরাদ্দ ছাড়া প্রকৃত উন্নয়ন হতে পারে না। যুব ইউনিয়ন যুবদের এ দাবী আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত আছে।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, আমরা যুব ইউনিয়ন যেমনি ভাবে আমাদের সামর্থ ও প্রচেষ্টা নিয়ে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পাশে আছি, তাদেরকে খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, জীবানুনাশক স্প্রে, শিশু খাদ্য দিয়ে সহায়তা করছি তেমনি তাদের স্বাস্থ্য ও আর্থিক সুরক্ষার জন্য আন্দেলনেও আছি। সরকার বিগত এগরো বছর জাতীয় বাজেটে যুবদের বঞ্চিত করেছে। আর না। এবার জাতীয় বাজেটের ৫% কর্মসংস্থান খাতে সুস্পষ্ট বরাদ্দ দিতে হবে। যুব ইউনিয়ন এ দাবী আদায়ে সর্বাত্মক আন্দেলন গড়ে তুলবে।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক শরিফুল আনোয়ার সজ্জন, ঢাকা মহানগর কমিটির নেতা জাহিদ হোসন প্রমূখ। এ সময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর সমিতির সাংগঠণিক সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, ছাত্র ইউনিয়নের সহসভাপতি দীপক শীল প্রমূখ।
এছাড়াও ঢাকা শহরের কামরাঙ্গিরচর লালবাগ, শাজাহানপুর, কাফরুল, উত্তরা তুরাগ,ধানমন্ডি, খিলগাঁও, থানায় একযোগে একর্মসূচি পালিত হয়।
এসময় থানা গুলোর কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ডা. সাজেদুল হক রুবেল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক রাসেল ইসলাম সুজন সহ সভাপতি চৌধুরী জোসেন, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজিম, নগর নেতা জীবন কুমার, আলী কাউসার মামুন, আসাদুজ্জামান আসাদ, হাসনাহিন শান্ত প্রমুখ।
বাংলাদেশ যুব ইউনিয়ন এ দাবীতে আগামী ১০মে রবিবার ঢাকায় অর্থমন্ত্রীকে এবং আগামী ১৭মে রবিবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবে। ঐদিন ঢাকায় কেন্দ্রীয় কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবে। একইসাথে সকল জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ঐ স্মারকলিপি প্রদান করা হবে। সংক্রমণ এড়াতে সকল কর্মসূচি সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হবে।
সংবাদটি পাঠিয়েছেন রাসেল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক- বাংলাদেশ যুব ইউনিয়ন।