পর্যটন শিল্পের বিকাশ এবং ঘুরতে আসা পর্যটকসহ সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান।
মঙ্গলবার (২৩ মে) সকালে কক্সবাজার শহরের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুন নাসের খান বলেন, দেশের পর্যটনের প্রধান কেন্দ্র হওয়ায় কক্সবাজারে প্রতিদিনই হাজারো পর্যটকের সমাগম ঘটে। এতে পর্যটকসহ স্থানীয়দের খাদ্য নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। যা পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি মানুষের নিরাপদ খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করবে। এ লক্ষ্যে পর্যটন সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান, খাবার রেস্তোরা, স্ট্রিট ফুড বিক্রেতা এবং আইন-শৃংখলা বাহিনীসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের প্রশিক্ষণের কার্যক্রম চলমান রয়েছে।
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা: প্রেক্ষিত কক্সবাজার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের।
তিনি বলেন, পর্যটন শিল্পের সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিতের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এ সেমিনার ভিন্নধর্মী উদ্যোগ। আর এ উদ্যোগকে বাস্তবায়িত করতে দরকার সবার সম্মিলিত প্রয়াস। এতে স্মার্ট বাংলাদেশ গঠনের পথ সহজ হবে।
আলোচনায় অংশ নেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী মো. সারোয়ার আলম, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার শাখার সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজারে (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল । সেমিনারের শেষ পর্যায়ে ৫০ জন স্ট্রিট ফুড বিক্রেতার কাছে স্বাস্থ্যসম্মত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।