কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডটির অধিকাংশ এলাকা অনুন্নত। বলতে গেলে এখনো তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি অনেক এলাকায়। তবু এসব এলাকার বাসিন্দাদের পৌরসভার ট্যাক্স গুনতে হচ্ছে।
ওয়ার্ডটির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই এলাকার নাগরিকদের মূল সমস্যা ভাঙাচোরা সড়ক, নালার অপ্রতুলতা, জলাবদ্ধতা, পানির সংকট ও মশার উপদ্রব। এর মধ্যে দক্ষিণ রুমালিয়ারছড়ার সবুজবাগ এলাকা, বাঁচার মিয়ার ঘোনা ও মকতুলের ঘোনা এলাকায় সড়ক ও ড্রেইনের খুবই বেহাল। গত ১০ বছরের বেশি সময় ধরে নানান সমস্যায় ভুগছে সেখানে বসবাসকারী মানুষ।
বাঁচামিয়ার ঘোনা এলাকার বাসিন্দারা বলেন, ‘আমাদের দুর্ভোগের কথা বললে শেষ হবে না। মূল সড়কটি প্রায় ভাঙাচোরা। চলাচলের অযোগ্য বহু বছর ধরে। প্রায় সড়কের দুই পাশে নালার ব্যবস্থাও নেই তেমন। বৃষ্টিতে মানুষের দুর্ভোগের সীমা থাকেনা। এরপর মশার উপদ্রব তো আছেই।
নাগরিকদের এসব দুর্ভোগের বিষয় মাথায় নিয়ে কাজ করতে চান দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শাফায়াত কামাল সৌরভ। পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীদের সব ধরণের নাগরিক সমস্যা সমাধানে এগিয়ে আশার প্রতিশ্রুতি দেন তরুণ সমাজসেবক শাফায়াত কামাল সৌরভ। তিনিও দীর্ঘদিন ধরে এলাকায় নানান সমস্যায় ভুগছেন বলে জানান। আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে নিজেকে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশাও করেছেন তিনি।
কাউন্সিলর প্রার্থী শাফায়াত কামাল সৌরভ বলেন- এলাকার মুরব্বি, যুবসমাজসহ সকল পেশা শ্রেণির মানুষ আমাকে সমর্থন জানাচ্ছে। সবার সহযোগিতায় একই সাথে পরিবার থেকেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা করছে। সবার ভালোবাসা ও সহযোগিতায় আমিও মতপ্রকাশ করেছি আসন্ন পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হওয়ার। সেভাবে এলাকা থেকে সাড়াও পাচ্ছি বেশ।
তিনি বলেন- নির্বাচনে প্রার্থী হচ্ছি বলে নয়; অতীতের মতো বর্তমানেও এলাকার বিভিন্ন উন্নয়নে আমার সহযোগিতা রয়েছে। সবুজবাগ এলাকা, বাঁচামিয়ার ঘোনা, মকতুলের ঘোনাসহ বিভিন্ন এলাকায় নালা ও ড্রেইন নিয়ে দীর্ঘদিন দুর্ভোগে রয়েছে এলাকার মানুষ। আমার পরিবার এসব দুর্ভোগ কমাতে অতীতের মতো বর্তমানেও এলাকার উন্নয়নে পাশে আছে। আগামীতেও থাকবে। আমি চাই মূলত; অন্য ওয়ার্ডের মতো পুরো ৭নং ওয়ার্ডও সুন্দর হোক। সবাই নাগরিক সুযোগ সুবিধা ভোগ করুক। নিরাপদে সবাই বসবাস করুক। নির্বাচিত হলেও আমি এলাকার সন্তান; নির্বাচিত না হলেও আমি এলাকার সন্তান। তাই এলাকার ভালো দিকটা আমি সবার আগে দেখবো। এতে সকলের দোয়া ও ভালোবাসা এবং সহযোগিতা দরকার।