ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারে আন্তর্জাতিক মানের একটি সি-অ্যাকোয়ারিয়াম স্থাপন প্রকল্পের কাজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান।
রামু উপজেলায় বাংলাদেশ সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ‘বার্ষিক গবেষণা প্রতিবেদন’ উপস্থাপন নিয়ে আয়োজিত সেমিনারে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
জিয়াউল হাসান বলেন, ‘সমুদ্রসীমায় থাকা অমিত সম্পদ কাজে লাগিয়ে সুনিল অর্থনীতিতে দেশকে সমৃদ্ধ করতে হবে। বিশেষ করে সমুদ্র থেকে খনিজ ও মৎস্য সম্পদ আহরণে আধুনিক ব্যবস্থাপনার পাশাপাশি বায়ুবিদ্যুৎ উৎপাদন এবং সমুদ্রকেন্দ্রিক ইকো-ট্যুরিজম উন্নয়নে গুরুত্ব দিতে হবে।’
বাংলাদেশ সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সেমিনারে আলোচনায় অংশ নেন পরিকল্পনা কমিশনের অর্থনীতি সম্পর্ক বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক মৎস্য সম্পদ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ উন নবী ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার। এ সময় সমুদ্রবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে কর্মরত বিজ্ঞানীরা তাদের বার্ষিক গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন। সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের গবেষক, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের কর্মীরা অংশ নেন।