জয়নাল উদ্দিন:
কক্সবাজারে দরিয়ানগর এলাকার পারভেজ নামে এক পরিবেশ কর্মীর বিরুদ্ধে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে হয়রানি করে সাজু আহমেদ ও আবু তাহের নামে দুই প্রতারক । তারা নিজেদের বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন পরিচয় দিয়ে চাঁদাবাজি করত। তাদের এই ভুল তথ্যের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীসহ তার পরিবারের সদস্যদের তুলে নিয়ে যায়। পরে ভুল তথ্যের বিষয়টি প্রমাণিত হলে তাদের ছেড়েও দেয়া হয়।
এরপ্রেক্ষিতে রবিবার (১৯ ডিসেম্বর) রাতে কক্সবাজার লিংক রোডে অভিযান চালিয়ে সাজু আহমেদ ও আবু তাহের এই দুই ভুয়া গোয়েন্দাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ভুক্তভোগী পারভেজ জানান, দীর্ঘদিন ধরে দুই প্রতারক কল দিয়ে টাকা দাবী করত। টাকা দিতে রাজি না হলে মামলার হুমকি দেয়। তবুও টাকা না দিলে আমার ও পরিবারের বিরুদ্ধে প্রশাসনকে ভুল তথ্য দেয়। যার ফলে আমার পরিবারের সদস্যদের তুলে নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা দ্রুত ব্যবস্থান নেন।
ওসি রফিকুল ইসলাম জানান, দুই প্রতারক নিজেদের কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর আইজি/ এসএসএফের কর্মকর্তা / সিআইডি/ডিজিএফআইয়ের কর্মকর্তা/ পুলিশ সদর দপ্তরের ডিআইজি, র্যাব কর্মকর্তাসহ একাধিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করত এমনকি তারা নানা ভুল তথ্য দিয়ে জেলা পুলিশ ও ঢাকা থেকে কাউন্টার টেরিজমের বিশেষ ফোর্সসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও প্রতারণা করেছে।
তিনি আরও বলেন, প্রতারকদের ভুল তথ্যের কারণে একটা পরিবারে কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা ডিবি পুলিশ দিয়ে ফলাফল শূন্য একটা অভিযানও চালিয়েছিল। শুধু পারভেজই নয় তাদের হয়রানির শিকার একাধিক পরিবার।