• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

টেকনাফে শিশু আলো হত্যা মামলা : ৬ জনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিদেক / ২৩৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২
আলো। ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার টেকনাফের চাঞ্চল্যকর শিশু মোঃ আলী উল্লাহ আলো (৭) হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন কক্সবাজারেরসিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। দীর্ঘ প্রায় ১ ঘন্টা রায় পড়ে শুনানোর পর ৬ আসামীর বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাদের প্রত্যেককে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করেন আদালত।

মৃত্যুদন্ড প্রাপ্ত ৬ আসামী হলো- মোঃ সুমন মিয়া, ইয়াছিন প্রকাশ রায়হান, মোঃ ইয়াকুব, মোঃ ইছহাক প্রকাশ কালু, নজরুল ইসলাম ও সৈয়দুল আমিন প্রকাশ লম্বাইয়া। এদের মধ্যে মোঃ সুমন মিয়া, নজরুল ইসলাম ও সৈয়দুল আমিন প্রকাশ লম্বাইয়া পলাতক রয়েছে।

অপর ২ আসামী মুহিব উল্লাহ ও মোঃ দিদার মিয়াকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

খালাস আদেশ প্রাপ্ত আসামী মুহিব উল্লাহ রায়ের দিনও পলাতক ছিল এবং মোঃ দিদার মিয়া কারাগারে ছিল। এ সময় হাজতে থাকা ৪ আসামী ডকে হাজির ছিল এবং মামলার বাদী মোঃ আবদুল্লাহ ও আদালতে উপস্থিত ছিলেন।

বুধবার (১১মে) বিকেলে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে,   ২০১১ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ ও ফারজানা পারভীন সুইটির ৭ বছরের শিশু পুত্র মোঃ আলী উল্লাহ আলোকে মোহাম্মদ আবদুল্লাহর কর্মচারী মোঃ সুমন আলী বাড়ির সামনের কাচারি ঘরে অপহরণ করে মুক্তিপন দাবী করার উদ্দেশ্যে ডেকে নিয়ে যায়। পরে পাখির বাসা দেখানোর কথা বলে মোঃ আলী উল্লাহ আলোকে মোহাম্মদ আবদুল্লাহর কাচারী ঘরের সিলিংয়ে তুলে তার হাত পা বেঁধে, মুখে কচটেপ লাগানোর চেষ্টা চালায়। এসময় মোঃ আলী উল্লাহ আলো শোর চিৎকার করলে আসামী মোঃ সুমন আলী ও অন্যান্য আসামীরা মোঃ আলী উল্লাহ আলো লকে অপহরণ করার বিষয় বাড়ির লোকজন জানতে পেরেছে মনে করে মোঃ আলী উল্লাহ আলোকে আসামীরা ছালের সিলিং এর উপর জবাই করে হত্যা করে।

এ ঘটনায় খুন হওয়া মোঃ আলী উল্লাহ আলো এর পিতা মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী দিয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর : ১৩/২০১১ ইংরেজি, জিআর মামলা- ৩৭০/২০১১ (টেকনাফ) এবং এস.টি মামলা নম্বর ২০৮২/২০১৮ ইংরেজি এবং ধারা ৩০২/১০৯/১১৪/৩৪ দঃবিঃ।

এ মামলায় আসামী মোঃ ইয়াকুব, ইয়াছিন প্রকাশ রায়হান, মোঃ সুমন মিয়া ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।

মামলাটি পর্যায়ক্রমে টেকনাফ থানার এসআই মাহবুবুর রহমান, এসআই হারুনর রশীদ এবং টেকনাফ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদার তদন্ত করে আদালতে গত ২০১২ সালের ৩০ জুন চার্জশীট দাখিল করেন। এ চার্জশিটের বিরুদ্ধে বাদী মোহাম্মদ আবদুল্লাহ ২০১২ সালের ৩০ ডিসেম্বর আদালতে নারাজী আবেদন করলে বিজ্ঞ আদালত বাদীর নারাজীর আবেদন গ্রহণ করেন এবং ২০১৪ সালের ৪ মার্চ মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের জন্য নির্দেশ দেন।

আদালতের নির্দেশে পর্যায়ক্রমে সিআইডি’র চট্টগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু, সহকারী পুলিশ সুপার এস.এম সাহাব উদ্দিন আহমদ এবং সর্বশেষ সিআইডি চট্টগ্রাম মেট্টো জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সরকার তদন্ত করে এজাহারভুক্ত ৫ জনসহ মোট ৮ জন আাসামীর নাম উল্লেখ করে গত ২০১৭ সালের ২৫ আগস্ট দন্ডবিধির ৩০২/৩৪/১০৯/১১৪ ধারায় আসামীদের বিরুদ্ধে আদালতে সম্পূরক চার্জশীট দাখিল করেন। এতে ৫ জনকে এজাহারভুক্ত করা হয়। আসামীরা হলেন,  নওগাঁ জেলার মহাদেবপুর থানার কোদ্দ নারায়নপুরের মৃত আফতাব আলীর পুত্র মোঃ সুমন আলী (২৬), ঠাকুরগাঁও জেলার নিশ্চিন্তপুরের মৃত শামছুল হকের পুত্র ইয়াছিন প্রকাশ রায়হান (২৯), কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের শ্রীপুরের মৃত আসলাম মিয়ার পুত্র মোঃ ইয়াকুব (৩৪), টেকনাফের গোদার বিল গ্রামের আলী হোসেনের পুত্র মোঃ ইসহাক প্রকাশ কালু (৩১), টেকনাফের মহেশখালীয়া পাড়ার মৃত নবী হোসেনের পুত্র নজরুল ইসলাম (২৮)।

তদন্তেপ্রাপ্ত এজাহার বহির্ভুত আরো ৩ জন আসামী করা হয়। এরা হলেন, মায়ানমারের মংডু থানার ধনচিপাড়ার মৃত আবদুর রহিমের পুত্র রোহিঙ্গা ছৈয়দুল আমিন প্রকাশ লম্বাইয়া (৪৭), টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার মৃত মৌলভী আবদুল জলিলের পুত্র মহিবুল্লাহ (৪৫), টেকনাফ পৌরসভার লেঙ্গুরবিলের জাফর আহমদের পুত্র মোঃ দিদার মিয়া (৩৫)।

মামলাটি টেকনাফের আমলী আদালত থেকে বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করলে জেলা ও দায়রা জজ আদালত ২০২০ সালের ২৪ জুলাই আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু করেন। বিচারিক আদালত মামলায় ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তাদেরকে আসামী পক্ষের আইনজীবীরা জেরা করেন। এরপর আদালত সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি আজ (১১মে) রায়ের জন্য দিন ধার্য্য করেন। কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ধার্য্য তারিখেই রায় প্রদান করেন।

আদালত সুত্রে জানা গেছে, কারাগারে থাকা আসামীদেরকে সকাল সাড়ে ১০ টায় আদালতে আনা হয় এবং রায় প্রদানকালীন এজলাসে উপস্থিত ছিলেন।

এছাড়া, মোঃ সুমন আলী, নজরুল ইসলাম, সৈয়দুল আমিন আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে। অপর আসামী মহিব উল্লাহ জামিনে থেকেও আজকে আদালতে না এসে সময়ের আবেদন করেন।

এদিকে, রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এডভোকেট ফরিদুল আলম এবং  বাদী পক্ষে ছিলেন এডভোকেট আমির হোসেন, এডভোকেট দীলিপ দাশ ও এডভোকেট আমিন উদ্দিন।

অন্যদিকে, আসামীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট শাহজালাল চৌধুরী, এডভোকেট নুরুল মোস্তফা মানিক, এডভোকেট সিরাজুল ইসলাম-৪, এডভোকেট সেলিম উদ্দিন রাজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন