• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সিনহা হত্যা: আসামিপক্ষের আট আইনজীবীর যুক্তিতর্ক পেশ

নিজস্ব প্রতিদেক / ১২৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
আদালতে বরখাস্ত ওসি প্রদীপ কুমার। ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শেষ হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ ইসমাঈলের আদালতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই যুক্তিতর্ক চলে। এদিন আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও বরখাস্ত পরিদর্শক লিয়াকতের পক্ষে আটজন আইনজীবী তাদের যুক্তিতর্ক আদালতে তুলে ধরেন।

প্রথমে লিয়াকতের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চন্দন কুমার দাশ যুক্তিতর্ক শুরু করেন। লিয়াকতের পক্ষে আরও তিনজন আইনজীবী আদালতে যুক্তিতর্কে অংশ নেন।

দুপুরে বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত আদালতে তার যুক্তিতর্ক শুরু করেন। এসময় আরও তিন আইনজীবী আসামি প্রদীপের পক্ষে আদালতে সওয়াল-জবাবে অংশ নেন।

অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত যুক্তিতর্ক অসমাপ্ত রেখে মঙ্গলবার আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালত। ১২ জানুয়ারি অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত তার অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করবেন বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন তিনি।

আদালতের কার্যক্রম শেষে বিকাল সাড়ে পাঁচটায় প্রেস ব্রিফিংয়ে এই আইনজীবী দাবি করেন, শুরু থেকেই এই মামলাটি আইনের গতিতে চলছে না। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী র‌্যাবকে দিয়ে এই মামলা তদন্তের নির্দেশ দিতে পারেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম ব্রিফিংয়ে বলেন, পূর্ব পরিকল্পিনা অনুযায়ী ষড়যন্ত্রমূলকভাবে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে। ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বাদীপক্ষ তা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা তাদের মোয়াক্কেলদের বাঁচানোর জন্য আদালতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন