ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মোহনভিলা গ্রাম থেকে গরুসহ মনজুর আলম (৩০) নামে এক গরুচোরকে আটক করেছে ঈদগাঁও থানার পুলিশ। মনজুর আলম ওই এলাকার মৃত মোহাম্মদ ইসলামের পুত্র।
সোমবার (২০ ডিসেম্বর) রাত ১০ টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নের্তৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্র জানায়, ১৯ ডিসেম্বর ভোর রাতে পার্শ্ববর্তী পোকখালী ইউনিয়নের নাইক্ষংদিয়া গ্রামের মৃত শুক্কুর আহমদের স্ত্রী আমেনা বেগমের গোয়াল ঘর থেকে একদল চোর বাছুরসহ একটি গাভী গরু চুরি করে নিয়ে যায়। খোঁজাখুজির একপর্যায়ে জালালাবাদ ইউনিয়নের মোহনভিলা গ্রামের মোঃ ইসলামের বাগানে গরুগুলো বাঁধা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে গরুগুলো উদ্ধার পূর্বক ঘটনায় জড়িত মনজুর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গরুর মালিক আমেনা বেগম বাদী হয়ে মনজুর আলমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানান থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম আল মামুন। (ঈদগাঁও থানার মামলা নং-০৫ )
মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম জানান, গরুগুলোর আনুমানিক মূল্য ৮০ হাজার টাকার মত হতে পারে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে আটক মনজুর ও তাঁর পরিবারের সদস্যরা জানান, কে বা কারা তাঁর বাগানে গরুগুলো এনে বেঁধে রেখেছে। এ ব্যাপারে তারা কিছুই জানেনা। তাদের দাবী আটক মনজুর ষড়যন্ত্রের শিকার এবং নির্দোষ।