বিশেষ প্রতিবেদক
কক্সবাজারের ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতা আজিম উদ্দিনের ইয়াবা কারবার রয়েছে গাড়ির কাউন্টার কেন্দ্রিক। শহরের কলাতলী এলাকায় বেশ কয়েকটি কাউন্টার নিয়ন্ত্রণ করে ইয়াবা ব্যবসা চালিয়েছিল কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আজিম। ২০ হাজার ইয়াবাসহ আজিম আটক হলেও তার একটি সিন্ডিকেট রয়েছে অধরা। তার সিন্ডিকেটের সবাই চিহ্নিত ইয়াবা কারবারি হিসেবে এলাকায় খুবই পরিচিত। পরিবহণ কাউন্টারের আড়ালে আজিম সিন্ডিকেটের চলে ইয়াবা কারবার। একটি প্রশাসনিক সূত্রে তথ্য গুলো জানা যায়।
অনুসন্ধানে জানা গেছে- কক্সবাজার কলাতলীস্থ দক্ষিণ আদর্শগ্রাম এলাকার আলী আহমদের ছেলে মামুন (৩৪) ও তার ছোট ভাই শাহাব উদ্দিন, মো. সোহেল পারভেজ, একই এলাকার জাহেদ ফাহিম এবং লাইট হাউজস্থ ফাতের ঘোনা এলাকার আজিম উদ্দিন (বর্তমানে আটক) দীর্ঘদিনের একটি ইয়াবা সিন্ডিকেট। তাদের দলে ছিল মাদক মামলার অন্যতম পলাতক আসামী পিচ্চি সুমন। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে পরিবহনে করে বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার চালিয়ে যাচ্ছে। এরমধ্যে মামুন ও শাহাব উদ্দিনের রয়েছে টিকেট কাউন্টার। বর্তমানে তাদের সুগন্ধা পয়েন্ট এলাকায় টিকেট কাউন্টার রয়েছে।

আটক আজিমের সাথে শাহাব উদ্দিন।
একটি সূত্রে জানা গেছে, মামুন ও শাহাব উদ্দিন মিলেমিশেই কলাতলী সুগন্ধা পয়েন্টস্থ হোটেল সী আলিফের পাশে নামহীন একটি বিল্ডিংয়ের নিচে কাউন্টার খুলে বসেছিল। দীর্ঘদিন ধরে ওই কাউন্টারের আড়ালে ইয়াবা কারবারের বিষয়টি প্রকাশ পায় বিভিন্ন মাধ্যমে। এরপর তাদের কাউন্টার ছেড়ে দিতে হয়। এরপর তারা কাউন্টার নিয়েছিল কলাতলী মোড়স্থ হোটেল ডায়নামিকের নিচে। সেখানেও তারা করেছিল ইয়াবা কারবার। কিন্তু সেখানেও তারা বেশি দিন স্থায়ী হয়নি। সেই কাউন্টার ছেড়ে দিয়ে বর্তমানে সুগন্ধা পয়েন্টস্থ কাশবন রেস্তোঁরার পাশে নতুন করে টিকেট কাউন্টার খুলে বসে। এরআগে তারা শহরের ঝাউতলা এলাকায় কাউন্টার করেছিল। এভাবে বিভিন্ন জায়গায় কাউন্টারের আড়ালে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে ইয়াবা।
একটি সূত্রে জানা গেছে, মামুন ও শাহাব উদ্দিন শহরের চিহ্নিত ইয়াবা কারবারি। কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম এলাকার সবাই তাদের ইয়াবা কারবারি হিসেবে চিনেন। পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের বিষয়টি পুরো কলাতলীবাসী অবগত। তাদের ইয়াবা পাচারের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছিল। যার কারণে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় কাউন্টার সরিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। মামুন, শাহাব উদ্দিন, আজিম উদ্দিন, সোহেল পারভেজ, জাহেদ ফাহিম ও পিচ্চি সুমন একটি সক্রিয় ইয়াবা সিন্ডিকেট। তারা নিয়মিত এসব কাউন্টারে আড্ডা জমাত। তাদের চলাফেরা ও আড্ডা এলাকাবাসীর মাধ্যমে অনেক আগে থেকেই রহস্যজনক ছিল। পরিবহনের কতিপয় চালক ও হেলপারের মাধ্যমে তারা পাচার করে ইয়াবা।

জাহেদ ফাহিম ও শাহাব উদ্দিন।
তাদের সিন্ডিকেটের সদস্য কক্সবাজার ১২নং ওয়ার্ড ফাতের ঘোনা ইউনিট ছাত্রলীগের সাবেক সভাপতি আজিম উদ্দিনকে ২০ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা। গত সোমবার (১৫ নভেম্বর) রাতে কৌহিনূর রির্সোটের সামনে থেকে ২০ হাজার ইয়াবাসহ আজিম ও মো. ছাবেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে তাদের কৌহিনূর রির্সোটের একটি রুম থেকে ইয়াবাসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাশের এক কটেজ ম্যানেজার। যে ম্যানেজার অভিযানের সময় ওখানেই উপস্থিত ছিলেন। এদিকে আজিম আটক হওয়ার বিষয়টি সবখানে প্রকাশিত হলে তার সিন্ডিকেটের সদস্যরা ইতিমধ্যে আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে। এমনকি তার ইয়াবা কারবার ও সিন্ডিকেটের বিষয়ে অনেক তথ্য আসতে থাকে প্রতিবেদকের কাছে।
তাদের সিন্ডিকেটের এক সদস্য বলেন, আজিম, মামুন, শাহাব উদ্দিন, সোহেল পারভেজ, জাহেদ ফাহিম ও পিচ্চি সুমন মুলত ইয়াবা কারবারি। তারা মিলেমিলেই পরিবহণের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে। তাদের সহযোগিতা করে পরিবহণ চালক ও হেলপার।
গত তিন বছর আগে প্রায় ১১ হাজার ইয়াবা লুটের বিষয়ে তাদের সিন্ডিকেটে একটু ভাঙ্গন দেখা দেয়। সিন্ডিকেটের মাধ্যমে ১১ হাজার ইয়াবা পাচার করার আগেই জাহেদ ফাহিম ইয়াবা গুলো সরিয়ে নেন পরিবহণ থেকে। ইয়াবা সরিয়ে নেওয়ার বিষয়ে জাহেদের সাথে আজিম উদ্দিনের বাকবিতন্ডাও চলে। এই নিয়ে তাদের মধ্যে দফায় দফায় বৈঠকও হয়েছিল। ইয়াবা গুলো উদ্ধারের জন্য আজিম উদ্দিনসহ তার অনেক স্বজন বিভিন্ন জায়গায় বৈঠকও করেন। কিন্তু আজিমের ইয়াবা গুলো উদ্ধার করা যায়নি। কৌশলে ইয়াবা গুলো সরিয়ে বিক্রি করে দেন জাহেদ ফাহিম। পরে জাহেদের ইয়াবা সরিয়ে নেওয়ার বিষয়টি জানতে পারেন আজিম উদ্দিন। সেই ইয়াবা বিক্রির ভাগ অনেক জনকে দিয়েছিল জাহেদ।
এর পরপরেই কৌশলে বিদেশ পাড়ি জমান জাহেদ। প্রায় এক বছর পর বিদেশ থেকে দেশে ফিরেন জাহেদ। দেশে ফিরে আজিম, মামুন ও শাহাব উদ্দিনের সাথে দূরত্ব চলে। তাদের সাথে দূরত্ব চললেও থেমে থাকেনি জাহেদ ফাহিমের ইয়াবা কারবার। বর্তমানে কলাতলীর মোড়স্থ একটি টিকেট কাউন্টারে চাকরি নিয়েছে জাহেদ। সেই কাউন্টার থেকে কৌশলে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে বলে জনশ্রুতি রয়েছে এলাকায়।
অন্যদিকে আজিম উদ্দিন, মামুন ও শাহাব উদ্দিনসহ ৬ জনের একটি সিন্ডিকেট তাদের ইয়াবা কারবার অব্যাহত রাখে। এরিমধ্যে ২০ হাজার ইয়াবাসহ আটক হন আজিম উদ্দিন।
দক্ষিণ আদর্শগ্রাম এলাকার এক সমাজ নেতা বলেন, মামুন, শাহাব উদ্দিন ও সোহেল পারভেজ কি করে সেটা এলাকার সবাই জানেন। পরিবহন কাউন্টারের আড়ালে তারা ইয়াবা কারবার চালাচ্ছে দীর্ঘদিন ধরে। তারা এক জায়গায় বেশি দিন কাউন্টার করে না। ইয়াবা কারবারের হাল ধরে তাদের মাঝে এসেছে ব্যাপক পরিবর্তন। একটি বাইক নিয়ে তারা তিনজন সবসময় এদিক ওদিক ঘুরাফেরায় থাকেন। নির্দিষ্ট সময়ে তারা গাড়িতে তুলে দেন ইয়াবা। এই পাচারে তারা শ্যামলী পরিবহণ বেশি ব্যবহার করে জানা যায়। আজিম ইয়াবাসহ আটকের পর তার সিন্ডিকেটের উপর নজরদারী বাড়ানো হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। যে সিন্ডিকেটে ৬ থেকে ৭জন রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ না থাকলেও তারা ইয়াবার সাথে জড়িত। এরমধ্যে দু’জনের নামে রয়েছে বিভিন্ন মামলাও।
আরও পড়ুন:
করেন ছাত্রলীগ,পড়েন কক্সবাজার ইউনিভার্সিটিতে: চলেন মাদক কারবারে