বিশেষ প্রতিবেদক
কক্সবাজার শহরের মধ্যম কলাতলী থেকে উদ্ধার হওয়া ১ লাখ ২০ হাজার ইয়াবা মামলার অন্যতম আসামী শামসুল ইসলাম এলাকায় ফিরেছে। গত এক মাস ধরে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন তিনি। পুলিশের নজরদারী না থাকায় মধ্যম কলাতলী এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে এই মাদক কারবারি। তবে গোপনে এলাকায় আসলেও তেমন প্রকাশ্যে নন মাদক কারবারির গডফাদার শামসুল ইসলামের ছেলে রাসেল। নিজেকে তিনি আত্মগোপনে রেখেছে কৌশলে। কলাতলীর এই মাদক কারবারি রাসেল আত্মগোপনে থাকলেও তার সহযোগিরা রয়েছে প্রকাশ্যে। তার চিহ্নিত সহযোগিরা এখন চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার।
জানা যায়, গত ৮ মে মধ্যম কলাতলী এলাকায় রাসেলের বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এই ঘটনায় রাসেলের মা ফাতেমা বেগম (৪০) ও তার ছোট ভাই সাইফুল ইসলাম (২২) কে আটক করলেও কৌশলে আরো বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে পালিয়ে যায় রাসেল ও তার বাবা শামসুল ইসলাম। এই ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলার অন্যতম আসামী হন রাসেল ও তার বাবা শামসুল ইসলামও। ঘটনার পর থেকে তারা পলাতক।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাসেলের পুরো পরিবারটি চিহ্নিত মাদক পরিবার। রাসেল মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল। কারাগার থেকে বের হয়ে ফের শুরু করে ইয়াবা কারবার। এরঅংশ হিসেবে ৮ মে তার বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ইয়াবা উদ্ধার করলেও কৌশলে পালিয়ে যায় রাসেল ও তার বাবা। দীর্ঘদিন পলাতক থাকলেও গত একমাস ধরে এলাকায় ফিরেছে রাসেলের বাবা শামসুল ইসলাম। এলাকায় এখন প্রকাশ্যে বিচরণ করছে শামসুল। তবে রাসেল এখনো আত্মগোপনে। মাঝে মাঝে গভীররাতে বাড়িতে ফিরে বলেও এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, রাসেলের এই ইয়াবা উত্থানের পিছনে রয়েছে সাহাব উদ্দীন। সাহাব উদ্দীনের বাড়ি টেকনাফ। ওসি প্রদীপের আমলে সাহাব উদ্দীনের পুরো পরিবার পালিয়ে আশ্রয় নেন কলাতলী ঝরঝরিপাড়া এলাকায়। ঝরঝরিপাড়ায় আশ্রয় নিয়ে গড়ে তুলেন বিশাল ইয়াবা সিন্ডিকেট। যার একমাত্র সিন্ডিকেটের প্রধান হলেন মধ্যম কলাতলী এলাকার শামসুল ইসলামের ছেলে রাসেল। তবে গত তিন বছরে ঝরঝরিপাড়া এলাকায় ১০টির অধিক জমি কিনেছেন ইয়াবা কারবারি সাহাব উদ্দীন।
এমনকি সাহাব উদ্দীনের বড়ভাইকেও টেকনাফ থানা পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কক্সবাজার কলাতলী থেকে। ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে সাহাব উদ্দীনের ভাইকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ। সাহাব উদ্দীনের পুরো পরিবারেই ইয়াবা কারবারে জড়িত বলে জানা গেছে। মেজর সিনহা হত্যাকান্ডের পর ফের টেকনাফ চলে যায় সাহাব উদ্দীনের পুরো পরিবার। সাহাব উদ্দীন সিন্ডিকেটের প্রধান ইয়াবা কারবারি কলাতলী এই রাসেল। রাসেলের রয়েছে আলাদা সিন্ডিকেট। রাসেলের ইয়াবা সিন্ডিকেটে রয়েছে সাহাব উদ্দীনের অনেক আত্মীয়-স্বজনও। এরমধ্যে সাহাব উদ্দীনের শালা হিসেবে পরিচিত তৌহিদুল ইসলামও।
এছাড়া টেকনাফের এই ইয়াবা ডন সাহাব উদ্দীন বিয়ে করেন মধ্যম কলাতলী ঝরঝরি এলাকার বদিউল আলমের মেয়েকে। বদিউল আলমের পুরো পরিবারও মাদক কারবারি। বদিউল আলম ও তার স্ত্রী এলাকায় খুচরা মাদক কারবারি হিসেবে পরিচিত। কলাতলীতে দুলাভাই সাহাব উদ্দীনের এসব ইয়াবা কারবার নিয়ন্ত্রণ করে শালা হিরু ও মাসিক। পরিবারের খুচরা ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে হিরু ও মাসিক। পুরো কলাতলীতে জনশ্রুতি রয়েছে বদিউল আলমের পরিবারের ইয়াবা কারবার নিয়ে।
মধ্যম কলাতলী এলাকার কয়েকজন ব্যক্তি জানান, হিরু ও মাসিকের পুরো পরিবার ইয়াবা কারবারে জড়িত। তারা ইয়াবা কারবারি দেখেই টেকনাফের ইয়াবা ডন সাহাব উদ্দীনকে বোনের বিয়ে দেন। এতে ইয়াবা কারবারিতে তাদের নতুন করে গতি ফিরেছে। তৌহিদুল ইসলাম, হিরু ও মাসিককে নিয়ন্ত্রণ করে পলাতক আসামী ইয়াবা কারবারি রাসেল। রাসেল ও সাহাব উদ্দীনের ইয়াবা পাচার ও লেনদেন করে থাকে তারা। আর তাদের কৌশলে সেল্টার দেন কলাতলী এলাকার এক আওয়ামীলীগের শীর্ষ নেতা।
এলাকাবাসীরা জানিয়েছে, এখন পুলিশের নজরদারী কমে গেছে। এলাকায় তেমন পুলিশের বিচরণ নেই। যার কারণে ইয়াবা মামলার পলাতক আসামী শামসুল ইসলাম প্রকাশ্যে ঘুরছে এলাকায়। একই সাথে রাসেলের সহযোগি তৌহিদুল ইসলাম, হিরু ও মাসিকও সমানতালে চালিয়ে যাচ্ছে ইয়াবা কারবার।
আরও পড়ুন :
হোটেল থেকে পলায়ন: পরে কলাতলী আ.লীগ অফিসে জম্মদিন পালন ইয়াবা কারবারির