নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৩০ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের কক্সবাজার পৌর শাখার সম্মেলন। এরপর কাউন্সিল অধিবেশনও হয়, কিন্তু কমিটি ঘোষণা হয়নি। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার ( ৯ মার্চ) কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে বেলা ১১ টায় শুরু হয় সম্মেলন অধিবেশন। প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ।
সম্মেলন শেষে শহীদ সুভাষ হলে শুরু হয় কাউন্সিল অধিবেশন। যেখানে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী হন।
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর জানান, কাউন্সিল অধিবেশনে প্রার্থীদের সমঝোতা আনতে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কাউন্সিলরদের তালিকা নিয়ে আপত্তি থাকায় এ কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে বলে জানান শেখ ফজলে নাঈম ও সাইফুর রহমান সোহাগ।
এদিকে ১০ মার্চ রামু, ১১ মার্চ কুতুবদিয়া, ১২ মার্চ উখিয়া এবং ১৩ মার্চ মহেশখালী উপজেলা যুবলীগের সম্মেলন হওয়া কথা রয়েছে।